Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কীভাবে পাওয়া যাবে ওমানি নাগরিকত্ব?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৮

কীভাবে পাওয়া যাবে ওমানি নাগরিকত্ব?

ওমান সম্প্রতি নতুন নাগরিকত্ব আইন চালু করেছে। এই আইনে বিদেশিদের জন্য নাগরিকত্ব পাওয়ার শর্তগুলো আরো স্পষ্ট ও কঠোর করা হয়েছে। সুলতান হাইতাম বিন তারিকের ফরমান অনুযায়ী, এখন থেকে নাগরিকত্ব পেতে হলে নির্দিষ্ট নিয়ম মানতে হবে।

বিদেশিদের জন্য সবচেয়ে বড় শর্ত হলো, কমপক্ষে ১৫ বছর বৈধভাবে ওমানে বসবাস করতে হবে। বছরে সর্বোচ্চ ৯০ দিনের বেশি বাইরে থাকা যাবে না। পাশাপাশি আরবি ভাষায় পড়ালেখায় দক্ষ হতে হবে। ভালো চরিত্রের প্রমাণ দিতে হবে এবং কোনো অপরাধে দোষী হওয়া যাবে না।

শারীরিকভাবে সুস্থ থাকা, সংক্রামক রোগমুক্ত থাকা এবং বৈধ আয়ের উৎস থাকা বাধ্যতামূলক। আবেদনকারীদের লিখিতভাবে পূর্বের নাগরিকত্ব ত্যাগের অঙ্গীকার করতে হবে।

পারিবারিক সম্পর্কের ভিত্তিতেও নাগরিকত্বের সুযোগ রয়েছে। বিদেশি পুরুষরা যদি ওমানি নারীর সঙ্গে বিবাহিত হন এবং ১০ বছর বসবাস করেন, সন্তান থাকে, তবে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। বিদেশি নারীরা ওমানি পুরুষের সঙ্গে বিবাহিত হলে ৮ বছর পর আবেদন করতে পারবেন। বিধবা নারীরা স্বামীর মৃত্যুর পর ৬ বছর বসবাস করলে যোগ্য হন। তালাকপ্রাপ্ত নারীরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

নাগরিকত্ব হারানোর নিয়মও স্পষ্ট করা হয়েছে। কেউ যদি অবৈধভাবে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, ভুয়া তথ্য দেন বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হন, তবে নাগরিকত্ব বাতিল হতে পারে। নাগরিকত্ব পাওয়ার পর দীর্ঘ সময় ওমানের বাইরে বসবাস করলেও তা প্রত্যাহার করা হতে পারে।

ভুয়া তথ্য দিয়ে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করলে কঠোর শাস্তি দেওয়া হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫ হাজার থেকে ১০ হাজার ওমানি রিয়াল জরিমানা বা উভয় শাস্তি হতে পারে।

ওমানের এই নতুন আইন জাতীয় পরিচয় রক্ষায় কঠোর অবস্থানকে প্রতিফলিত করছে। একই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে দেশটির উন্নয়নে অবদান রাখছেন, তাদের জন্য নাগরিকত্ব পাওয়ার সুযোগও তৈরি করছে।

Logo