Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ঢাকা রুটে আবারো ফ্লাইট চালু করছে কুয়েত এয়ারওয়েজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৬

ঢাকা রুটে আবারো ফ্লাইট চালু করছে কুয়েত এয়ারওয়েজ

ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালু করতে যাচ্ছে কুয়েত এয়ারওয়েজ। আগামী ২৪ এপ্রিল থেকে সপ্তাহে দুটি ফ্লাইট চলবে, যা সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পরিচালিত হবে। যাত্রীদের নুয়াইসিব সীমান্ত দিয়ে স্থলপথে স্থানান্তরের ব্যবস্থা থাকবে।

এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সত্ত্বেও তারা যাত্রীদের চাহিদা অনুযায়ী রুট নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। সম্প্রতি লন্ডন, কায়রো, ইস্তাম্বুল, লাহোর, আম্মান, মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, কোচি, চেন্নাই, ম্যানিলা, প্যারিস ও কলম্বোসহ মোট ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু করেছে।

কুয়েত এয়ারওয়েজের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন আবদুলওয়াহাব আল-শাত্তি বলেন, “ঢাকা রুট পুনরায় চালু করা আমাদের যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুয়েত ও বাংলাদেশের মধ্যে ভ্রমণের চাহিদা সব সময়ই বেশি। আমরা যাত্রীদের নির্ভরযোগ্য সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরো জানান, এয়ারলাইনটি যাত্রীদের বুকিং ও ভ্রমণ ব্যবস্থাপনা সহজ করতে সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজ করছে। যাত্রীদের নিরাপত্তা ও ক্রুদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

কুয়েত এয়ারওয়েজ নতুন একটি সেবা চালু করেছে, যেখানে যাত্রীরা সৌদি ভিসার জন্য আবেদন করতে পারবেন যদি তাদের কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে নিশ্চিত বুকিং থাকে।

আল-শাত্তি বলেন, “আমরা কুয়েতের ভেতরে ও বাইরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সমন্বয় করছি। আমাদের লক্ষ্য হলো যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা।”

ঢাকা রুট পুনরায় চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি বড় স্বস্তির খবর। কুয়েতে কর্মরত লাখো বাংলাদেশি এখন আরো সহজে দেশে আসা-যাওয়া করতে পারবেন। একই সঙ্গে রেমিট্যান্স প্রেরণ ও পারিবারিক যোগাযোগ আরো সহজ হবে।

Logo