Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মক্কার কোরআন মিউজিয়ামে ঐতিহাসিক শিল্পকর্মের প্রদর্শনী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬

মক্কার কোরআন মিউজিয়ামে ঐতিহাসিক শিল্পকর্মের প্রদর্শনী

মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন মিউজিয়াম এখন পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। এখানে প্রদর্শিত হচ্ছে ভারতের ১৯ শতকের এক বিরল কোরআন পান্ডুলিপি, যা অষ্টভুজ আকৃতির নকশায় তৈরি। ছোট আকারে বহনযোগ্য হলেও এতে শিল্পকৌশল ও নিখুঁত নকশার সমন্বয় রয়েছে।

মিউজিয়ামের এই প্রদর্শনী দর্শনার্থীদের কোরআনিক ক্যালিগ্রাফির ইতিহাস ও বিবর্তন সম্পর্কে জানার সুযোগ করে দিচ্ছে। একই সঙ্গে মক্কার সাংস্কৃতিক ও পর্যটন গুরুত্বও বাড়িয়ে তুলছে। আসন্ন হজ মৌসুমে লাখো ভ্রমণকারী মক্কায় আসবেন, তাদের অনেকেই এই মিউজিয়াম ঘুরে দেখবেন বলে আশা করা হচ্ছে।

মিউজিয়ামে আরো রয়েছে কাবার দরজার প্রতিরূপ, যেখানে সূক্ষ্ম আরবি ক্যালিগ্রাফি ও ইসলামী অলঙ্করণে সাজানো আয়াত খোদাই করা হয়েছে। মূল দরজাটি রাজা খালিদ বিন আবদুল আজিজের আমলে নির্মিত হয়েছিল। এতে সূক্ষ্ম নকশা, খোদাই করা আয়াত এবং ফুল-জ্যামিতিক অলঙ্করণ রয়েছে, যা ইসলামী সভ্যতার শিল্প ও আধ্যাত্মিকতার অনন্য উদাহরণ।

এছাড়া মিউজিয়ামে ১৭ শতকের একটি বিরল মোজাইক প্রদর্শিত হচ্ছে, যেখানে কোরআনের সূচনা আয়াত শিল্পকৌশলে ফুটিয়ে তোলা হয়েছে। এতে আরবি ক্যালিগ্রাফি ও ইসলামি অলঙ্করণের সমন্বয় দেখা যায়।

মূল পান্ডুলিপিটি সংরক্ষিত রয়েছে কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর এনডাওমেন্ট লাইব্রেরিজে, যা বিরল ইসলামী পান্ডুলিপি সংরক্ষণের অন্যতম প্রতিষ্ঠান।

হিরা কালচারাল ডিস্ট্রিক্টের অবস্থান জাবাল হিরার পাশে, যেখানে হিরা গুহায় নবী মুহাম্মদ (সা.)-এর ওপর প্রথম ওহি নাজিল হয়েছিল। এ কারণে স্থানটির ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।

মিউজিয়ামে কোরআনের সংকলন ও বিকাশের ইতিহাস তুলে ধরা হয়েছে। রয়েছে ইন্টারেকটিভ প্রদর্শনী, যেখানে দর্শনার্থীরা আরবি ক্যালিগ্রাফি ও ইসলামি শিল্পকলা সম্পর্কে জানতে পারেন।

পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন হজ মৌসুমে বিপুলসংখ্যক হাজি ও ভ্রমণকারী মক্কায় আসবেন। তারা ধর্মীয় আধ্যাত্মিকতার পাশাপাশি কোরআন মিউজিয়ামের মতো সাংস্কৃতিক স্থাপনাও দেখতে আগ্রহী হবেন। এতে মক্কার পর্যটন ও সাংস্কৃতিক গুরুত্ব আরো বাড়বে।

Logo