বাহরাইনে অ্যালার্জির প্রকোপ, ডাক্তারদের সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৫:৫২
বাহরাইনে অ্যালার্জিজনিত সমস্যা হঠাৎ বেড়ে গেছে। শীতের পর যখন দেশটিতে গরম পড়ছে, খেজুর গাছসহ নানা গাছে ফুলের পরাগ রেণু বা পোলেন ছড়িয়ে পড়ছে দেশটির বাতাসে। আর সেই পোলেন শ্বাস-প্রশ্বাসের সাথে ঢুকছে মানুষের শরীরে। পোলেন অতি ক্ষুদ্র রেণু কণা বাতাসে থাকায় এর থেকে বাঁচা অসম্ভব। আর এই পোলেনের কারণে প্রবল হাঁচি, চোখ জ্বালাপোড়া, চুলকানি, নাক দিয়ে পানি পড়া, জ্বর এবং শ্বাসকষ্টজনিত উপসর্গ বাড়ছে। দেশটির চিকিৎসকের মতে, সাম্প্রতিক কয়েক সপ্তাহে এ ধরনের রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং অনেকেই শুরুতে এটিকে সাধারণ সর্দি-কাশি বলে ভুল করছেন, যার জন্য অনেকেই চিকিৎসা নিতে গড়িমসি করছেন।
চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, সময়মতো ব্যবস্থা না নিলে এসব উপসর্গ ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের অসুবিধা তৈরি করতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা আছে, তাদের জন্য এই সময়টা আরো ঝুঁকিপূর্ণ। তাই বাইরের ধুলাবালি বা বেশি বাতাসের মধ্যে গেলে সতর্ক থাকা, মাস্ক ব্যবহার করা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)