Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে ই-পাসপোর্ট সংকটে প্রবাসীদের দুর্ভোগ চরমে

হাসান মাহমুদ, সৌদি আরব

হাসান মাহমুদ, সৌদি আরব

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:২১

সৌদিতে ই-পাসপোর্ট সংকটে প্রবাসীদের দুর্ভোগ চরমে

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংক্রান্ত জটিলতা ভয়াবহ রূপ নিয়েছে। সরকারের এমআরপি কার্যক্রম বন্ধের পর ই-পাসপোর্ট সেবা সীমিত হয়ে পড়ায় হাজার হাজার প্রবাসী ভোগান্তিতে পড়েছেন।

গত ৩১ ডিসেম্বর থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এমআরপি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আগে যেখানে প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার আবেদন গ্রহণ করা হতো, বর্তমানে ই-পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট সংখ্যা নেমে এসেছে মাত্র ৬ হাজারে। ফলে প্রতি মাসে প্রায় ১৮ থেকে ১৯ হাজার প্রবাসী আবেদন করার সুযোগ পাচ্ছেন না।

বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার অভিযোগ উঠেছে। ১৫ এপ্রিল আবেদন করলে জুনের শেষ সপ্তাহে বায়োমেট্রিকের তারিখ মিলছে, অর্থাৎ শুধু ফিঙ্গারপ্রিন্ট দিতেই প্রায় দুই মাস সময় লাগছে। এরপর পাসপোর্ট হাতে পেতে আরো বিলম্ব হচ্ছে, যা প্রবাসীদের দৈনন্দিন জীবনে গুরুতর প্রভাব ফেলছে।

এই জটিলতার কারণে আকামা নবায়ন, ভিসা প্রক্রিয়া, চাকরিসহ গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটছে। প্রবাসীদের প্রশ্ন- যাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, তাদের জন্য কেন পর্যাপ্ত সেবা নিশ্চিত করা হচ্ছে না?

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ই-পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট সংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত সার্ভার ও বুথ চালু, প্রবাসীদের জন্য অগ্রাধিকার সেবা এবং পাসপোর্ট ইস্যু প্রক্রিয়া দ্রুততর করা।

প্রবাসীদের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে সৌদি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে।

Logo