মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৬ এপ্রিল ২০২৬
বাহরাইনে বিভিন্ন পেশাজীবীর জন্য আর্থিক সহায়তার ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৬:১৫
বাহরাইন
বাহরাইনে বিভিন্ন পেশাজীবীর জন্য আর্থিক সহায়তার ঘোষণা
বাহরাইনে বেসরকারি খাতের বিভিন্ন পেশাজীবীর জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ট্যাক্সি ড্রাইভার, মৎস্যজীবী বা জেলেসহ বেসরকারি খাতের যেসব কর্মীর আয় সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য এপ্রিল মাসে আর্থিক সহায়তা বা বেতন সহায়তার কথা জানিয়ে বাহরাইনের পার্লামেন্ট একটি জরুরি প্রস্তাব অনুমোদন করেছে।নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, এই সহায়তা দেশের বেকারত্ব তহবিল থেকে প্রদান করা হবে এবং এর আওতায় পেশাদার জেলে, ড্রাইভিং প্রশিক্ষক, ট্যাক্সিচালক ও বাস অপারেটরদের মতো বিভিন্ন শ্রেণির কর্মীরা অন্তর্ভুক্ত থাকবেন। যাদের দৈনন্দিন আয়ের ওপর নির্ভরশীলতা বেশি এবং বর্তমান পরিস্থিতির কারণে তাদের উপার্জন ব্যাহত হয়েছে। পার্লামেন্টে সংসদ সদস্য মোহাম্মদ আল আলাইউই বলেছেন, এই পদক্ষেপটি দেশের একটি কঠিন সময়ে জাতীয় সংহতির প্রতিফলন। কারণ অনেক শ্রমিক তাদের দৈনন্দিন আয় হারিয়ে আর্থিক চাপে পড়েছেন। তিনি আরো উল্লেখ করেছেন, দেশের নেতৃত্ব নাগরিক ও বাসিন্দাদের পাশে দাঁড়াতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে, যা এই উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
সৌদি আরব
সৌদিতে ভিজিট ভিসায় হজ করলে বিপুল অঙ্কের জরিমানা
সৌদি সরকার অনুমতি ছাড়া হজ করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, সৌদিতে ভিজিট ভিসায় গিয়ে হজ করা যাবে না। করলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। একই জরিমানা প্রযোজ্য হবে ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রে, যারা মক্কায় প্রবেশ বা অবস্থান করবে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, যারা ভিজিট ভিসাধারীদের হজে অংশ নিতে সহায়তা করবে, আশ্রয় দেবে বা পরিবহন করবে, তাদের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। এই শাস্তির নিয়ম ১৮ এপ্রিল থেকে কার্যকর হবে, যা বহাল থাকবে এ বছরের ১৪ জিলহজ পর্যন্ত। এই সময়ে মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম প্রয়োগ করা হবে। আরো সতর্ক করা হয়েছে, হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসা বা হজ ক্যাম্পে অবৈধ ভিসাধারীদের আশ্রয় দিলে জরিমানা বহুগুণে বাড়বে।
কুয়েত
কুয়েতে মেয়াদ শেষ হওয়া পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা
কুয়েতে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এক সরকারি সার্কুলারে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে যেসব প্রবাসী তাদের পাসপোর্ট নবায়ন করতে পারেননি, কিন্তু নিজ নিজ দূতাবাসের মাধ্যমে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি বা এক্সটেনশন করিয়েছেন, সেই এক্সটেন্ডেড মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করেই তারা রেসিডেন্সি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার অনুমতি পাবেন। কুয়েত সরকার জানিয়েছে, দেশটির ভেতরে ও আঞ্চলিক পরিস্থিতির কারণে অনেক প্রবাসীর পক্ষে নিজ দেশে গিয়ে পাসপোর্ট নবায়ন করা সম্ভব হয়নি। ফলে তাদের প্রশাসনিক কাজ যাতে বন্ধ না হয়ে যায়, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই সুবিধা পেতে হলে কিছু শর্ত মানতে হবে। পাসপোর্টে অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাসের অফিসিয়াল এক্সটেনশন সিল থাকতে হবে। সেই সঙ্গে দূতাবাস থেকে একটি চিঠি দিতে হবে, যেখানে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির বৈধতা নিশ্চিত করা থাকবে এবং ওই চিঠিটি কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত হতে হবে। কুয়েত সরকারের এই পদক্ষেপকে প্রবাসীদের জন্য একটি মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। কারণ এর মাধ্যমে তারা তাদের ইকামা নবায়নসহ অন্যান্য জরুরি কাজ সম্পন্ন করতে পারবেন, যা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে করা অসম্ভব হয়ে পড়ত।
logo-1-1740906910.png)