সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, হজে অবৈধভাবে অংশগ্রহণ বা ভিসাধারীদের অবৈধভাবে হজে সহায়তা করলে কঠোর শাস্তি দেওয়া হবে। সৌদি গেজেট প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে, যারা ভিজিট ভিসাধারীদের হজে অংশ নিতে সহায়তা করবে, আশ্রয় দেবে বা পরিবহন করবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের হজ মৌসুমে জরিমানা কার্যকর থাকবে ১ জিলকদ (১৮ এপ্রিল) থেকে ১৪ জিলহজ পর্যন্ত। এই সময়ে মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম প্রয়োগ করা হবে।
নতুন বিধান অনুযায়ী, অনুমতি ছাড়া হজে অংশ নিতে ধরা পড়লে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। একই জরিমানা প্রযোজ্য হবে ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রে, যারা মক্কায় প্রবেশ বা অবস্থান করবে।
যারা ভিজিট ভিসা নিয়ে অবৈধভাবে হজে অংশ নিতে সহায়তা করবে, তাদের সর্বোচ্চ এক লাখ রিয়াল জরিমানা করা হবে। প্রত্যেক অবৈধ ব্যক্তির জন্য জরিমানার পরিমাণ বাড়বে। একই শাস্তি প্রযোজ্য হবে যারা পরিবহন, আশ্রয় বা গোপন সহায়তা প্রদান করবে। হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসা বা হজ ক্যাম্পে অবৈধ ভিসাধারীদের আশ্রয় দিলে জরিমানা বহুগুণে বাড়বে।
এছাড়া অনুমতি ছাড়া মক্কায় প্রবেশকারীদের নিজ দেশে বহিষ্কার করা হবে এবং ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হবে। যারা অবৈধ ভিসাধারীদের পরিবহনে যানবাহন ব্যবহার করবে, আদালতের আদেশে সেই যানবাহন জব্দ করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কমিটির কাছে অভিযোগ করা যাবে। কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে ৬০ দিনের মধ্যে প্রশাসনিক আদালতে আপিল করার সুযোগ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৌদি নাগরিক, প্রবাসী এবং সব ধরনের ভিসাধারীদের হজের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জনগণকে অনুরোধ করা হয়েছে, কোনো অনিয়ম বা অবৈধ কার্যক্রম দেখলে মক্কা অঞ্চলে ৯১১ নম্বরে ফোন করে জানাতে।
logo-1-1740906910.png)