হজ ২০২৬: বাধ্যতামূলক ‘নুসুক কার্ড’ নিয়ে যা জানা জরুরি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৬
হজ ২০২৬ সামনে রেখে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি সৌদি আরবের মক্কায় সমবেত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই বিশাল আয়োজন নির্বিঘ্ন করতে সৌদি সরকার এবারো বাধ্যতামূলক করেছে ‘নুসুক কার্ড’; যা একটি স্মার্ট পরিচয়পত্র। এটি ছাড়া হজের কোনো কার্যক্রমে অংশ নেওয়া সম্ভব নয়।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত নূসুক কার্ড হজযাত্রীদের জন্য অপরিহার্য একটি নথি হিসেবে বিবেচিত হচ্ছে। আগমন থেকে শুরু করে হজ শেষে দেশে ফেরা পর্যন্ত প্রতিটি ধাপে এই কার্ড বহন করা বাধ্যতামূলক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নুসুক কার্ড মূলত একটি স্মার্ট আইডি, যেখানে একজন হজযাত্রীর ব্যক্তিগত তথ্য, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এবং আবাসনের বিবরণ একত্রে সংরক্ষিত থাকে। এটি একই সঙ্গে একটি ফিজিক্যাল কার্ড ও ডিজিটাল পাস হিসেবে কাজ করে। ফলে কর্তৃপক্ষ সহজেই প্রত্যেক হজযাত্রীর পরিচয় যাচাই করতে পারে এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারে।
এই কার্ডের মাধ্যমে হজযাত্রীরা পবিত্র মিনা, আরাফাত ও মুজদালিফার মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশাধিকার পান। পাশাপাশি এটি নিশ্চিত করে, কার্ডধারী ব্যক্তি বৈধভাবে নিবন্ধিত একজন হজযাত্রী। অননুমোদিত প্রবেশ রোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতেও নুসুক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশ্বের বৃহত্তম বার্ষিক ধর্মীয় সমাবেশগুলোর একটি হলো হজ। প্রতি বছর লাখো মানুষের উপস্থিতিতে নিরাপত্তা ও ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে নুসুক কার্ড ব্যবস্থাটি হজ ব্যবস্থাপনাকে আরো আধুনিক, সুশৃঙ্খল ও নিরাপদ করতে সহায়তা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা প্রদানেও এই কার্ড কার্যকর। কার্ডে সংরক্ষিত স্বাস্থ্য তথ্যের মাধ্যমে চিকিৎসা সহায়তা দ্রুত নিশ্চিত করা সম্ভব হয়। একই সঙ্গে হারিয়ে যাওয়া বা বিচ্ছিন্ন হয়ে পড়া হজযাত্রীদের শনাক্ত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল প্রযুক্তির এই ব্যবহার হজ ব্যবস্থাপনায় একটি নতুন মাত্রা যুক্ত করেছে। ভবিষ্যতে আরো উন্নত প্রযুক্তি যুক্ত হলে হজযাত্রা আরো সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
হজ ২০২৬-এ অংশ নিতে হলে নুসুক কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, বরং এটি পুরো যাত্রার অবিচ্ছেদ্য অংশ। তাই প্রত্যেক হজযাত্রীকে এই কার্ড সংগ্রহ, সংরক্ষণ ও যথাযথভাবে ব্যবহার করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)