স্কলারশিপ আপডেট
দক্ষিণ কোরিয়ার ইউএসটি দিল স্কলারশিপের ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:৪৮
দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা দিয়েছে। স্নাতকোত্তর, পিএইচডি এবং ইন্টিগ্রেটেড মাস্টার্স-পিএইচডি প্রোগ্রামে মিলবে এই স্কলারশিপ। রাজধানী সিউলে অবস্থিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৩০টি গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।
এই স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা প্রতি মাসে প্রায় ১২ লাখ কোরিয়ান উন এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা প্রায় ১৬ লাখ কোরিয়ান উন ভাতা পাবেন। সেই সাথে দেওয়া হবে সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি।আরো থাকছে শিক্ষার্থীদের জন্য দুর্ঘটনা ও স্বাস্থ্যসেবা, মেডিকেল চেকআপ, ই-লাইব্রেরি সুবিধা, কাউন্সেলিং এবং বিনামূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ।
আবেদনের জন্য স্নাতকোত্তরের ক্ষেত্রে স্নাতক এবং পিএইচডির ক্ষেত্রে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ভালো একাডেমিক ফলের সাথে সাথে ইংরেজি দক্ষতার প্রমাণ; যেমন- আইইএলটিএস বা টোয়েফল সার্টিফিকেট জমা দিতে হবে।
আবেদন গ্রহণের ক্ষেত্রে নেতৃত্বগুণ থাকাকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের সাথে গবেষণা প্রস্তাব, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রয়োজন ভেদে মাস্টার্স থিসিস জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে, যেখানে ইউএসটির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদনের ফি হিসেবে ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন জমা দিতে হবে, যা ফেরতযোগ্য নয়।
আবেদনের শেষ তারিখ ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
logo-1-1740906910.png)