Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১১ এপ্রিল ২০২৬

বাহরাইনের হামাদ টাউনে বড় চুরি, দুইজন আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১৭:১৫

বাহরাইনের হামাদ টাউনে বড় চুরি, দুইজন আটক

বাহরাইন


বাহরাইনের হামাদ টাউনে বড় চুরি, দুইজন আটক 


বাহরাইনের হামাদ টাউনে একটি বাসাবাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনায় দুইজন আটক হয়েছে। পুলিশ বলছে, বাসাটিতে পুরনো দিনের দুর্লভ ও মূল্যবান জিনিসপত্র ছিল। যার মূল্য কমপক্ষে ২ লাখ বাহরাইনি দিনার, যা ৬ কোটি ৫০ লাখ টাকার কম নয়। বাসাটিতে কী ধরনের মূল্যবান সামগ্রী ছিল, তা জানায়নি পুলিশ। বাসার মালিকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে তদন্ত দল। ফরেনসিক বিভাগও যোগ দেয় অভিযানে। এতে দুইজনকে শনাক্ত করে তাদের গ্রেফতার করে পুলিশ। দুই চোরের নাম-পরিচয় এবং তারা বাহরাইনি, নাকি প্রবাসী তা জানায়নি পুলিশ।



সৌদি আরব


সৌদির মসজিদে কুবায় শিশুর জীবন বাঁচালেন সৌদি নারী


সৌদি আরবের মসজিদে কুবায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে শিশুকে বাঁচিয়ে দিয়েছেন এক সৌদি নারী। মসজিদের ভেতর দেড় বছর বয়সী শিশুটির হৃদযন্ত্র ও শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে সৌদি নারীটি সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন। কার্ডিওপালমোনারি বিষয়ে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ থাকায় তিনি শিশুটির প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করেন। তার এই দ্রুত প্রাথমিক চিকিৎসার ফলে শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পরে সৌদি রেড ক্রিসেন্ট এসে পুরো চিকিৎসার দায়িত্ব নেয় এবং শিশুটির জ্ঞান ফিরে আসে। সৌদি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হৃদযন্ত্র বন্ধ হয়ে গেলে প্রথম ২-৩ মিনিটের মধ্যে চিকিৎসা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর সেটাই করেছেন সেই সৌদি নারী। সৌদি কর্তৃপক্ষ বলছে, সময়োচিত পদক্ষেপ অনেক সময় গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নেওয়া সবার জন্যই দরকার। 


কুয়েত

কুয়েতে অনুপস্থিত থেকে বেতন নেওয়ায় কর্মীর জেল বহাল

কুয়েতে এক কর্মচারী অফিসে অনুপস্থিত থেকেও বেতন ও সুবিধা নেওয়ার মামলায় তাকে ৫ বছরের জেল বহাল রাখা হয়েছে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, কুয়েতে এক কর্মচারী ১০ বছর ছিলেন অফিসে অনুপস্থিত। কিন্তু এই ১০ বছরই বেতন নিয়েছেন। যা কমপক্ষে ১ লাখ ১১ হাজার কুয়েতি দিনার। কর্মচারীটির বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ আনা হয়েছে। বিচারে তাকে ৩ লাখ ৩৩ হাজার দিনার জরিমানা করা হয়েছে। এই অভিযোগে কর্মচারীটিকে ২০২৫ সালে গ্রেফতার করা হয় এবং বিচারের সম্মুখীন করা হয়। আর এবার এই বিচারের চূড়ান্ত রায় এলো উচ্চ আদালত থেকে। কিন্তু কেমন করে একজন কর্মচারী ১০ বছর অফিসে অনুপস্থিত থেকেও বেতন নিলেন, তা জানানো হয়নি। 


ওমান

ওমানে মাদককাণ্ড, দুই এশিয়ান আটক

ওমানে মাদক চোরাচালানের অভিযোগে দুই এশিয়ানকে ধরেছে দেশটির পুলিশ। এ সময় তাদের বিপুল পরিমাণ গাঁজা ও মাদকের বড়িসহ আটক করা হয়। ওমানি পুলিশ বলছে, এসব মাদক বিক্রি, সেবন ও পাচারের কাজে ব্যবহার করছিল এই দুই এশিয়ান। জব্দ করা মাদক কোথা থেকে আনা হয়েছিল বা তার মূলমান কত, তা জানানো হয়নি। এছাড়া এশিয়ান বলা হলেও তাদের নাম+পরিচয় প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পুলিশ নিয়মিতভাবে মাদকের বড় বড় চালান ধরছে। দেশগুলোর পুলিশ জানাচ্ছে, মাদকের বিরুদ্ধে তাদের জোরদার অভিযান চালু থাকবে। ফলে মাদকের বিষয়ে প্রবাসীদের সাবধান থাকা উচিত বলেই মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।

Logo