Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

লেবাননে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯

লেবাননে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার পর লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। ৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের দ্রুত সরে যেতে হবে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা না যেতেই ইসরায়েলি বিমান বাহিনী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালায়। মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৫০টি যুদ্ধবিমান দিয়ে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করা হয়। এতে ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেড় হাজারের বেশি। ইসরায়েল আরো হামলার ইঙ্গিত দিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।  

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, বৈরুতের সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ী, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ এবং বাদারো (আল-শিয়ার কাছে) এলাকায় সম্ভাব্য আক্রমণের ঝুঁকি রয়েছে। এসব এলাকা থেকে বাংলাদেশিদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। একই সঙ্গে বাংলাদেশিদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে বাইরে না বের হতে বলা হয়েছে।  

এই হামলার পর লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন। দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, প্রবাসীদের জীবন রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

Logo