Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে নীরব সড়কে গাড়ির হর্ন বাজালেই কঠোর সাজা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮

দুবাইয়ে নীরব সড়কে গাড়ির হর্ন বাজালেই কঠোর সাজা

দুবাই পুলিশ ২০২১ সালে চালু করেছে ‘কোয়ায়েট রোডস ইনিশিয়েটিভ’। এর লক্ষ্য হলো শহরের ব্যস্ত সড়কে শান্তি ফিরিয়ে আনা, শব্দদূষণ কমানো এবং আবাসিক এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা। গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, এ উদ্যোগের আওতায় ইতোমধ্যে হাজারো জরিমানা করা হয়েছে এবং বহু গাড়ি জব্দ করা হয়েছে।  

দুবাই বিশ্বের অন্যতম ব্যস্ত সড়ক নেটওয়ার্কের শহর। তাই জনজীবনে প্রভাব কমাতে পুলিশ বিশেষ অভিযান শুরু করে। ট্রাফিক বিভাগের নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগে শব্দদূষণ, বেপরোয়া গাড়ি চালনা এবং অননুমোদিত গাড়ি পরিবর্তনের মতো অপরাধকে চিহ্নিত করা হচ্ছে। অভিযোগ ও কমিউনিটি রিপোর্টের ভিত্তিতে হটস্পট এলাকায় অভিযান চালানো হয়।  

এ পর্যন্ত পুলিশের রেকর্ড অনুযায়ী, ১ হাজার ২৩০টি গাড়ি জব্দ করা হয়েছে, ৩৩ হাজার ৩৭২টি ট্রাফিক জরিমানা করা হয়েছে; মোটরসাইকেলের ১৭ হাজার ১১৭টি এবং ই-বাইক ও সাইকেলের ১৪ হাজার ৯৪টি লঙ্ঘন ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে ১ হাজার ১৭৮টি অননুমোদিত গাড়ি পরিবর্তন, ৪১২টি শব্দদূষণ, ৩৪১টি বেপরোয়া চালনা এবং ২৩০টি হর্ন বা সাউন্ড সিস্টেমের অপব্যবহার।  

দুবাইয়ে গাড়ি চালকদের জন্য কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে। যেমন-

- শব্দদূষণকারী গাড়ি চালালে ১২ ব্ল্যাক পয়েন্ট, ২ হাজার দিরহাম জরিমানা।  

- আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান বা হাসপাতালের কাছে বিপজ্জনকভাবে গাড়ি চালালে ৪০০ দিরহাম জরিমানা।  

- নিজের বা অন্যের জীবন বিপন্ন করে গাড়ি চালালে ২৩ ব্ল্যাক পয়েন্ট, গাড়ি ৬০ দিনের জন্য জব্দ এবং ২ হাজার দিরহাম জরিমানা।  

- ভারী যানবাহন বিপজ্জনকভাবে চালালে লাইসেন্স এক বছরের জন্য স্থগিত এবং ৩ হাজার দিরহাম জরিমানা।  

- অনুমতি ছাড়া গাড়ির ইঞ্জিন বা চেসিস পরিবর্তন করলে ১২ ব্ল্যাক পয়েন্ট, গাড়ি ৩০ দিনের জন্য জব্দ এবং ১ হাজার দিরহাম জরিমানা।

দুবাই পুলিশ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে শুধু আইন প্রয়োগ নয়, বরং জনসচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য। আবাসিক এলাকায় শান্তি ফিরিয়ে আনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য।

Logo