দুবাইয়ে ছোট ব্যবসায়ীদের জন্য সরকারের নতুন উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৩
দুবাইয়ের সবচেয়ে বড় পাবলিক পার্কিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পারকিন চালু করেছে ‘স্পটস ফর শপস’ নামের নতুন উদ্যোগ। এর মাধ্যমে গাড়িচালকরা স্থানীয় ছোট ব্যবসায়ীদের কাছ থেকে কেনাকাটা করে পার্কিং ফি ভ্যালিডেট করতে পারবেন। পারকিন অ্যাপ ব্যবহার করে কেনাকাটার পরিমাণ অনুযায়ী পার্কিং ফি সরাসরি গ্রাহকের ওয়ালেটে ফেরত যাবে।
গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, দুবাইয়ে প্রায় ৯০ শতাংশ বাসিন্দা ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরশীল। বড় শপিং মলে ফ্রি পার্কিং থাকলেও ছোট ব্যবসায়ীরা সাধারণত পেইড পার্কিংয়ের ওপর নির্ভর করে। ফলে দ্রুত কেনাকাটার সময়ও অতিরিক্ত খরচ হয়। নতুন উদ্যোগটি সেই পরিস্থিতি বদলাতে যাচ্ছে।
চালকরা অংশগ্রহণকারী ব্যবসার কাছাকাছি পারকিন স্পেসে গাড়ি পার্ক করবেন এবং নির্ধারিত ফি পরিশোধ করবেন। এরপর ব্যবসায়ীর নির্ধারিত ন্যূনতম কেনাকাটা করলে পারকিন অ্যাপে মোবাইল নম্বর ব্যবহার করে পার্কিং ভ্যালিডেট করা যাবে। সঙ্গে সঙ্গে ক্যাশব্যাক গ্রাহকের ওয়ালেটে জমা হবে।
প্রথম ধাপে ১৫টি প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে রাভি রেস্টুরেন্ট, নাইফ বেকার, দ্য লন্ড্রি হাব, দামিয়াতি প্লাস, সাইকেল টু সাইকেল, সান ডিয়েগো কি কাটিং, আল এমব্রাতুর এবং সোয়াম ভেজিটেরিয়ান। আগামী মে মাসে পারকিন অ্যাপে এই সুবিধা চালু হবে।
পারকিন জানিয়েছে, এই উদ্যোগ ছোট ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। পার্কিং ভ্যালিডেশন ও ক্যাশব্যাকের মাধ্যমে গ্রাহকরা সহজে স্থানীয় দোকানে আসতে উৎসাহিত হবেন। এতে ব্যবসায়ীদের বিক্রি বাড়বে এবং শহরের অর্থনৈতিক কাঠামো আরো শক্তিশালী হবে।
পারকিনের প্রধান পরিচালন কর্মকর্তা ওসামা আলসাফি বলেন, ছোট ব্যবসায়ীরা দুবাইয়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘স্পটস ফর শপস’ উদ্যোগের মাধ্যমে পার্কিংকে নগর গতিশীলতা ও স্থানীয় বাণিজ্যের সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। এতে গ্রাহকরা সহজে পাড়ার দোকানে পৌঁছাতে পারবেন এবং স্থানীয় ব্যবসায়ীরা আরো সমর্থন পাবেন।
উদ্যোগটি শুধু অ্যাপেই সীমাবদ্ধ নয়। নির্দিষ্ট পার্কিং স্পেসে বিশেষ শিল্পকর্ম ও বার্তা থাকবে, যা চালকদের অংশগ্রহণকারী ব্যবসার দিকে নির্দেশ করবে। এভাবে পার্কিং স্পেসগুলো স্থানীয় ব্যবসার প্রচারণার মাধ্যমেও কাজ করবে।
logo-1-1740906910.png)