Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১০ এপ্রিল ২০২৬

বাহরাইনে মাদককাণ্ডে বাংলাদেশির জেল-জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ২১:৩৩

বাহরাইনে মাদককাণ্ডে বাংলাদেশির জেল-জরিমানা

বাহরাইন

বাহরাইনে মাদককাণ্ডে বাংলাদেশির জেল-জরিমানা

বাহরাইনে এক প্রবাসী বাংলাদেশিকে মাদক ব্যবসার অপরাধে ১০ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার বাহরাইনি দিনার জরিমানা দিয়েছেন দেশটির ফৌজদারি উচ্চ আদালত। গ্রেপ্তার করার পর আইনশৃঙ্খলা বাহিনী তার কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করে এবং তদন্তে প্রমাণিত হয় যে সে এগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল। আদালতে শুনানির সময় প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পরিকল্পিতভাবে মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে যুক্ত ছিল এবং এটি শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, বরং বাণিজ্যিকভাবে বিক্রির উদ্দেশ্যেই করা হয়েছিল। বিচারক মামলার প্রমাণ ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে তাকে দোষী সাব্যস্ত করেন এবং ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও আরোপ করেন। একই সঙ্গে আদালত জব্দ করা মাদকদ্রব্য ধ্বংসের নির্দেশ দেন। সেই সাথে সাজা শেষ হলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশি বলা হলেও তার বিস্তারিত পরিচয় ও ঠিকানা জানা যায়নি। রায় ঘোষণার সময় আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন। এই রায়ের মাধ্যমে দেশটিতে মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জিডিএন অনলাইনের খবরে জানানো হয়েছে।


সৌদি আরব

মক্কায় শেষ হলো ফুড ট্রাকের গ্রেস পিরিয়ড

সৌদির মক্কা সিটি কর্পোরেশন লাইসেন্সবিহীন মোবাইল ফুড ট্রাকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে নিয়ম লঙ্ঘন সংশোধনের জন্য দেওয়া নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নগরের বাণিজ্যিক কার্যক্রমকে সুশৃঙ্খল করা এবং নগর পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন স্পষ্ট করে জানিয়েছে, সড়ক, ফুটপাত ও বিভিন্ন পাবলিক স্থানে অবৈধভাবে স্থাপিত ফুড ট্রাকগুলো চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য ফুড ট্রাক মালিকদের ৬ এপ্রিল থেকে ৭২ ঘণ্টার একটি গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছিল, যাতে তারা নিজেরাই এসব ট্রাক সরিয়ে নিতে পারে এবং শাস্তি এড়াতে পারে। কিন্তু সময়সীমা শেষ হওয়ায়, এখন আর কোনো ছাড় দেওয়া হবে না। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ফুড ট্রাকগুলো সরিয়ে নেওয়া ও জব্দ করা হবে এবং তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব ফুড ট্রাকে চাকরি করেন প্রবাসীরা। ফলে মক্কার সিটি কর্পোরেশনের নতুন ঘোষণা, ভ্রাম্যমাণ বিক্রেতাদের অনুমোদিত শর্ত ও বিধিনিষেধ মানা গুরুত্বপূর্ণ।  


সংযুক্ত আরব আমিরাত

দুবাই বাস সার্ভিসের নতুন রেকর্ড 

দুবাইয়ের পাবলিক বাসগুলো পুরো বিশ্বে নতুন রেকর্ড গড়েছে।দেশটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি দ্বারা পরিচালিত প্রতিটি বাস গড়ে ২০ লাখ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে, যা আন্তর্জাতিকভাবে একটি নজিরবিহীন অর্জন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। দ্য গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আরটিএ দ্বারা পরিচালিত এই বাসগুলোর প্রায় ১৮ বছরের ধারাবাহিক সেবার মাধ্যমে এই মাইলফলক অর্জিত হয়েছে এবং এটি বিশ্বের বড় বড় শহরের পরিবহন ব্যবস্থাকেও ছাড়িয়ে গেছে।এত দীর্ঘ সময় ব্যবহারের পরও বাসগুলো অত্যন্ত উচ্চমানের সার্ভিস প্রদান করে যাচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৫ সালে এগুলোর কার্যক্ষমতা ছিল ৯৩ শতাংশেরও বেশি এবং ত্রুটির হারও আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় ছিল খুবই কম। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাফল্যের পেছনে রয়েছে নিয়মিত ও উন্নতমানের প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, যার মাধ্যমে পুরোনো বাসগুলোকে দ্রুত বাতিল না করে তাদের কার্যক্ষমতা দীর্ঘায়িত করা হয়েছে। ফলে নতুন বাস কেনার প্রয়োজন কমেছে এবং পরিবেশগত দিক থেকেও ইতিবাচক প্রভাব পড়েছে। এতে করে উৎপাদন ও প্রতিস্থাপনজনিত বর্জ্যও কমেছে। 

Logo