নিজেদের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২৩:০৭
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে অবস্থানরত এবং সেখানে ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের হজে অংশ না নিতে পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে দূতাবাস এ সতর্কবার্তা জারি করে।
দূতাবাস জানিয়েছে, বর্তমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক অস্থিরতার কারণে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। সংঘাতপূর্ণ সময়ে বড় জমায়েত বা ভ্রমণ অতিরিক্ত ঝুঁকি তৈরি করে। তাই এ বছর মক্কায় অনুষ্ঠিত বাৎসরিক হজে অংশ না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনের বরাত দিয়ে দূতাবাস বলেছে, সৌদি কর্তৃপক্ষও ভ্রমণ সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে কঠোর নিয়ম কার্যকর হবে। বৈধ হজ পারমিট, মক্কার রেসিডেন্স আইডি বা কর্মপারমিট ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। অন্য ভিসাধারীদের ওই সময়ের আগে মক্কা ত্যাগ করতে হবে।
মার্কিন দূতাবাস আরো জানিয়েছে, হজ পালনের ক্ষেত্রে অবশ্যই সৌদি সরকারের নির্ধারিত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ হজ পারমিট ও ভিসা নিতে হবে। অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে জরিমানা, আটক বা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে।
এছাড়া সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ওমরাহ ভিসায় প্রবেশের শেষ তারিখ ছিল ৩ এপ্রিল। এই ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এসব নিয়ম জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে।
মার্কিন প্রশাসন বলছে, তাদের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। তাই তারা হজে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ হজে অংশ নেন। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এ বছরের হজকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।
logo-1-1740906910.png)