Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৮ এপ্রিল ২০২৬

সৌদিতে ৬৯টি পেশায় শতভাগ সৌদিয়ান নিয়োগের ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২২:৩৬

সৌদিতে ৬৯টি পেশায় শতভাগ সৌদিয়ান নিয়োগের ঘোষণা

বাহরাইন

বাহরাইনে বুধবারও বাজল সাইরেন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরান-আমেরিকা সম্মত হলেও ৮ এপ্রিল সকালেও বাহরাইনে সাইরেনের শব্দ শোনা গেছে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, দেশটির সিত্রা এলাকায় ধ্বংস করা ড্রোনের টুকরো পড়ে বেশ কিছু বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরান-মার্কিন সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বুধবার সকাল পর্যন্ত বাহরাইনের নিরাপত্তা পরিস্থিতি ছিল সর্বোচ্চ পর্যায়ে। এর মাঝে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি ও বাহরাইনের মাঝের সংযোগ সেতু কিং ফাহাদ কজওয়ে আবারো বন্ধ হয়ে যায়। আর তাতেও উদ্বেগ বাড়ে দেশটির নাগরিক ও বাসিন্দাদের মনে। এই নিয়ে গত দুই দিনে নিরাপত্তা শঙ্কায় রাতের বেলায় লম্বা সময় কিং ফাহাদ কজওয়ে সেতু সাময়িক বন্ধ রাখা হয়। যুদ্ধ সাময়িকভাবে বন্ধের কথা বলা হলেও প্রবাসীদের মন থেকে উদ্বেগ কাটেনি। কারণ গত ২৪ ঘণ্টায় বাহরাইন ৬ মিসাইল ও ৩১ ড্রোন আকাশে ধ্বংসের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। এদিকে, দেশটির সরকার জানিয়েছে, বাহরাইনে খাদ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।টমেটো, ক্যাবেজসহ অন্যান্য শাক সবজি ও ছোট বোতলে পানির সরবরাহ স্বাভাবিক রয়েছে। সেই সাথে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী আবদুল্লাহ বিন আদেল ফখরু নিয়মিত বাজার মনিটরিং করছেন। সেই সাথে ওয়ার হাউসগুলোকে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা দিয়েছেন।


সৌদি আরব

সৌদিতে ৬৯টি পেশায় শতভাগ সৌদিয়ান নিয়োগের ঘোষণা

সৌদি আরবে বেসরকারি খাতের কর্মসংস্থানে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। বেসরকারি ৬৯টি পেশায় শতভাগ সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, ২০২৬ সালের ৫ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এসব পদে আর বিদেশি কর্মী নিয়োগ দেওয়া যাবে না। নতুন তালিকায় মূলত প্রশাসনিক ও অফিস সহায়ক পদ যেমন সেক্রেটারিয়াল কাজ, ডাটা এন্ট্রি, অনুবাদ, রিসেপশন, মানবসম্পদ সংশ্লিষ্ট কাজসহ বিভিন্ন পেশা অন্তর্ভুক্ত রয়েছে। সরকারের এই উদ্যোগ ‘সৌদিকরণ’ নীতির অংশ, যার লক্ষ্য দেশটির নাগরিকদের জন্য বেশি চাকরির সুযোগ তৈরি করা এবং বেসরকারি খাতে স্থানীয়দের অংশগ্রহণ বাড়ানো। এই নীতির আওতায় কোম্পানিগুলোকে নির্দিষ্ট সংখ্যক সৌদি কর্মী নিয়োগ দিতে হয়, না হলে তাদের বিরুদ্ধে জরিমানা বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত সৌদি নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করলেও বিদেশি কর্মীদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে যারা প্রশাসনিক বা অফিসভিত্তিক কাজে নিয়োজিত, তারা চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। কারণ, এসব খাতে ধাপে ধাপে বিদেশি কর্মী কমিয়ে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ অবস্থায় সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের ওপরও এর প্রভাব পড়তে পারে। অনেক বাংলাদেশি কর্মী বিভিন্ন অফিস সহায়ক, ক্লারিক্যাল বা সার্ভিস সেক্টরে কাজ করেন, যা এখন সৌদিদের জন্য সংরক্ষিত হওয়ায় তাদের চাকরি সংকুচিত হতে পারে। আর এতে রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে।


কুয়েত

কুয়েতে সকালেও শোনা গেল সাইরেনের শব্দ

কুয়েতেও ৮ এপ্রিল সকাল থেকে ইমার্জেন্সি সাইরেনের শব্দ শুনতে পাওয়া গেছে। তবে কী ধরনের হুমকির কারণে এমন সাইরেন বাজানো হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। ৭ এপ্রিল ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের দুই সপ্তাহের বিরতির ঘোষণার পর ঘটল এমন সাইরেন বাজানোর ঘটনা। ৭ এপ্রিল সম্ভাব্য হুমকির আশঙ্কায় কুয়েতেও উদ্বেগ বাড়ে নাগরিক ও বাসিন্দাদের মনে। ৭ এপ্রিল রাত ১২টা থেকে ৮ তারিখ সকাল ৬টা পর্যন্ত নাগরিক বাসিন্দাদের ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। জারি করা হয় নিরাপত্তা কারফিউ। বন্ধ করে দেওয়া হয় সব ধরনের বিপণিবিতান ও দোকানপাট। এরই মাঝে ৮ এপ্রিল সকালবেলা মিসাইল ও ড্রোন আকাশে ধ্বংস করার খবরও দিয়েছে আরব টাইমস।


কাতার 

কাতারের দোহায় চারজন আহত

কাতারের রাজধানী দোহায় ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করলেও এর অংশবিশেষ দোহারের আল-মুরাইক আবাসিক এলাকার একটি বাড়ির ওপর পড়লে এই আহত হওয়ার ঘটনা ঘটে। শিশুসহ আহত চারজনই মাঝারি ধরনের আঘাত পেয়েছেন এবং দ্রুত জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে তাদের হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নির্ধারিত জরুরি ব্যবস্থা গ্রহন করে। একই সঙ্গে জনগণকে সতর্ক করে বলা হয়েছে, তারা যেন ঘটনাস্থলের কাছে ভিড় না করেন, অজানা কোনো বস্তু স্পর্শ না করেন এবং যে কোনো সন্দেহজনক জিনিস দ্রুত কর্তৃপক্ষকে জানান।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে বাড়ল গোল্ডের দাম, অস্থিরতা থাকবে কিছু দিন

যুক্তরাষ্ট্র–ইরানের যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার আভাসে দুবাইয়ে গোল্ডের দাম হঠাৎ বেড়েছে। দ্য গালফ নিউজের খবরে বলা হয়েছে, এক দিনেই প্রায় ১১ দিরহাম পর্যন্ত দাম বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈশ্বিক বাজারে গোল্ডের দাম বাড়ার প্রভাব সরাসরি দুবাইয়ের খুচরা বাজারেও পড়েছে। কারণ আন্তর্জাতিক অস্থিরতার সময় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে গোল্ডের দিকে ঝুঁকে পড়েন। সর্বশেষ আপডেট ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে প্রায় ৫৭৮ দিরহাম প্রতি গ্রামে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় বেশ উল্লেখযোগ্য বৃদ্ধি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির আলোচনা বিনিয়োগকারীদের মধ্যে স্বল্পমেয়াদি ইতিবাচক মনোভাব তৈরি করলেও একই সঙ্গে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বজায় থাকায় গোল্ডের চাহিদা বাড়ছে।এছাড়া, তেলের দাম কমে আসা এবং মুদ্রাস্ফীতির কারণেও গোল্ডের দামে বেশ তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। বাজার পর্যবেক্ষকদের মতে, এই দাম বৃদ্ধি মূলত তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তবে যুদ্ধবিরতি কতদিন কার্যকর থাকে এবং ভবিষ্যৎ শান্তি আলোচনার অগ্রগতি কেমন হয়, তার ওপরই গোল্ডের দাম নির্ভর করবে। ফলে দুবাইসহ বিশ্ববাজারে গোল্ডের দামে অস্থিরতা আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে।


ওমান

ওমানের বাজার পরিস্থিতি স্বাভাবিক, জনগণকে দায়িত্বশীল আচরণের আহ্বান

ওমান সরকার দেশটির নাগরিক বাসিন্দাদের বাজার-সদাই ও কেনাকাটায় দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, দেশের খাদ্যপণ্য সরবরাহ পুরোপুরি স্থিতিশীল রয়েছে এবং কোনো ধরনের খাদ্য ঘাটতির আশঙ্কা নেই। তাই অপ্রয়োজনীয় খাদ্য মজুত বা অতিরিক্ত কেনাকাটা করার প্রয়োজন নেই।ওমানের কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, সব ধরনের খাদ্যপণ্য; বিশেষ করে সবজি ও মাংস নিয়মিতভাবে বাজারে সরবরাহ হচ্ছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিকভাবেই কার্যকর রয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, সরকার ও খুচরা বিক্রেতারা সরবরাহকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে বাজারে পণ্যের সরবরাহ অব্যাহত থাকে এবং বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখা যায়। একই সঙ্গে দেশটির নাগরিক ও বাসিন্দাদেের আশ্বস্ত করে বলা হয়েছে, দেশের খাদ্য সরবরাহ চেইন নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে এবং বাজারে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি নেই। ফলে আতঙ্কিত হয়ে কেনাকাটা বা পণ্য মজুত করার প্রবণতা ঘোলাটে পরিস্থিতি তৈরি করবে, যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়।

Logo