মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৭ এপ্রিল ২০২৬
সৌদির কিং ফাহাদ কজওয়ে নিয়ে সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৩:৩৪
বাহরাইন
বাহরাইনের গালফ এয়ারের নতুন রুট ঢাকা
বাহরাইনের বিমান সংস্থা গালফ এয়ার সৌদির দাম্মাম এয়ারপোর্টের মাধ্যমে ঢাকাসহ আরো কয়েকটি এশিয়ান দেশের সাথে সাময়িক বিমান চলাচল শুরু করেছে। এর মাধ্যমে বিমান সংস্থাটি ঢাকা, পাকিস্তানের লাহোর, কোচি ও ইসলামাবাদে সৌদির দাম্মাম থেকে যাত্রী পরিবহন করবে। সংস্থাটি জানিয়েছে, চলমান অস্থিরতায় বাহরাইনের আকাশসীমার চলাচল বারবার বিঘ্নিত হওয়ার কারণে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাহরাইন থেকে উল্লিখিত গন্তব্যে যেতে আগ্রহীদের বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গালফ এয়ারের নিজস্ব ব্যবস্থাপনায় দাম্মাম এয়ারপোর্টে নিয়ে আসা হবে। এর জন্য বাড়তি কোনো ভিসার দরকার হবে না। তবে যাদের গন্তব্য বাহরাইন থেকে সৌদি, তাদের আলাদা করে সৌদির ভিসা নিতে হবে। গালফ এয়ারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাহরাইনে থাকা বাংলাদেশি প্রবাসী ও তাদের স্বজনরা।
সৌদি আরব
সৌদির কিং ফাহাদ কজওয়ে নিয়ে সতর্কতা
সৌদি আরব ও বাহরাইনের মধ্যে সংযোগকারী সেতু কিং ফাহাদ কজওয়ে ৭ এপ্রিল সাময়িক বন্ধ থাকার পর, তা আবার খুলে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে লম্বা সময় ধরে এই সড়ক সেতুটি বন্ধ রাখা হয়েছিল। দ্বীপ দেশ বাহরাইনের সাথে সড়কপথে সৌদি আরবের যোগাযোগের এটিই একমাত্র সড়ক সেতু। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের দিক থেকে বিভিন্ন স্থাপনায় হামলার হুমকির পরিপ্রেক্ষিতে কিং ফাহাদ কজওয়ে সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানায় আরব টাইমস। এদিকে, সৌদি আরবের কিং ফাহাদ কজওয়েতে ইলেকট্রিক স্কুটার চালু করেছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস, জাওয়াজাত। সৌদির ব্যস্ততম এই বর্ডার ক্রসিংয়ে পাসপোর্ট সেবা আরো গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থার ফলে পাসপোর্ট চেকিংসহ বিভিন্ন প্রক্রিয়া আগের তুলনায় দ্রুত শেষ করা সম্ভব হবে। সৌদি কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এই স্কুটার ব্যবহারের ফলে যাত্রীদের অপেক্ষার সময় কমবে এবং বিশেষ করে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের বর্ডার পার হওয়ার সময় ভোগান্তি অনেক অংশে কমে আসবে।
কুয়েত
কুয়েতে নগদ লেনদেনে নিষেধাজ্ঞা
কুয়েতে আর্থিক লেনদেনে অনলাইন পেমেন্টের ওপর নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়াতে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বিশেষ বিশেষ সেবা খাতে ১০ কুয়েতি দিনারের বেশি নগদ লেনদেন নিষিদ্ধ ঘোষণা করেছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, পুরুষ ও নারীদের সেলুন, শিশুদের সেলুন, স্পোর্টস ক্লাব, পেস্ট কন্ট্রোল ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট কার্যক্রমসহ বিভিন্ন সেক্টরে ১০ দিনারের বেশি কোনো পেমেন্ট নগদে করা যাবে না, বরং তা বাধ্যতামূলকভাবে ব্যাংকিং চ্যানেল বা কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে প্রদান করতে হবে। দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী ওসামা বুদাই এই সিদ্ধান্ত জারি করেছেন, যার মূল উদ্দেশ্য আর্থিক লেনদেনের ওপর নজরদারি বাড়ানো, অনিয়ম কমানো এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে উৎসাহিত করা।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে বেপরোয়া গাড়ি চালকদের জরিমানা
আমিরাতের দুবাইয়ে বেপরোয়া ও শব্দদূষণকারী গাড়ি চালকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি। এ সময় কর্তৃপক্ষ ১ হাজার ২৩০টি যানবাহন জব্দ করেছে এবং ৩৩ হাজার ৩৭২টি ট্রাফিক জরিমানা জারি করেছে।অভিযানটি দেশটির “কোয়ায়েট রোডস” পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযান মূলত দেশটির বিভিন্ন আবাসিক এলাকায় অতিরিক্ত শব্দ, বিপজ্জনক ড্রাইভিং এবং অবৈধভাবে গাড়ির রিপেয়ার বা সংস্কার ঠেকানোর জন্য পরিচালিত হয়েছে, যা বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তার ওপর ক্রমাগত নেতিবাচক প্রভাব ফেলছিল। অভিযানে আইন লঙ্ঘনের মধ্যে ১ হাজার ১৭৮টি অবৈধ গাড়ির পরিবর্তন, ৪১২টি শব্দদূষণ, ৩৪১টি জীবন ঝুঁকিপূর্ণ বেপরোয়া ড্রাইভিং এবং ২৩০টি হর্ন বা সাউন্ড সিস্টেমের অপব্যবহার-সংক্রান্ত অপরাধ ছিল বলে খবর দিয়েছে দ্য গালফ নিউজ। দুবাই পুলিশ আরো জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ কমানো এবং আবাসিক এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালু থাকবে।
logo-1-1740906910.png)