দোহায় প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের ফুটবল টুর্নামেন্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৯
প্রবাসী বাংলাদেশিদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাস একটি জমজমাট ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতা প্রবাস জীবনের একঘেয়েমি দূর করে আনন্দঘন পরিবেশ তৈরি করবে এবং প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় করবে।
দূতাবাস সূত্রে জানা গেছে, আগামী ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল গ্রাউন্ডে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। কাতারে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা ইতোমধ্যেই প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি দলে ৭ জন মূল খেলোয়াড়ের পাশাপাশি অতিরিক্ত খেলোয়াড় ও একজন টিম ম্যানেজার থাকবেন। খেলা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণে আগ্রহী দলগুলোকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ফরম ও বিস্তারিত নিয়মাবলি দূতাবাস থেকে সংগ্রহ করা যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।
এছাড়া, নিবন্ধনের সংখ্যা ৮টির বেশি হলে লটারির মাধ্যমে চূড়ান্ত দল নির্বাচন করা হবে। এতে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য এই আয়োজন শুধু খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং একে অপরের সঙ্গে যোগাযোগ ও বন্ধন দৃঢ় করার একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্ট প্রবাসীদের মধ্যে আনন্দঘন পরিবেশ তৈরি করবে এবং তাদের মানসিক চাপ কমাতে সহায়ক হবে।
কাতারে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক প্রতিদিন কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তাদের জন্য এমন সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন প্রবাস জীবনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
logo-1-1740906910.png)