মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৬ এপ্রিল ২০২৬
কুয়েতে ভিডিও করায় ২৩ প্রবাসী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৫:২৪
বাহরাইন
বাহরাইনে চুরি, ৭ যুবক গ্রেফতার
বাহরাইনে চুরির দায়ে সাত যুবককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ১৮ থেকে ২৩ বছর বয়সী ওই বাহরাইনিদের বিরুদ্ধে সোনার গহনা, দামি ঘড়ি ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় ৮ লাখ বাহরাইনি দিনারেরও বেশি অর্থের সম্পদ চুরির অভিযোগ রয়েছে। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে একাধিক স্থানে চুরি করে বিপুল পরিমাণ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়, যার মধ্যে গোল্ডের অলংকার ও বিলাসবহুল ঘড়ি ছিল। নিরাপত্তা বাহিনী অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাদের শনাক্ত করে আটক করে। তাদের কাছ থেকে চুরি করা কিছু মালামালও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জিডিএন অনলাইনের খবরে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং চক্রটির সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের চুরি প্রতিরোধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
কুয়েত
কুয়েতে ভিডিও করায় ২৩ প্রবাসী আটক
কুয়েতে সংবেদনশীল ও নিরাপত্তা-সংশ্লিষ্ট বিল্ডিংয়ের ভিডিও করা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে ৬ জন কুয়েতি নাগরিক এবং ২৩ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ও ক্ল্যাসিফায়েড স্থাপনার ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দিচ্ছিল, যা দেশের নিরাপত্তা, জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এসব কনটেন্টের মাধ্যমে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। নিরাপত্তা সংস্থাগুলো তাদের ব্যবহৃত ডিভাইস ও ধারণ করা ভিডিও জব্দ করেছে এবং কী উদ্দেশ্যে এসব কনটেন্ট তৈরি ও প্রচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।আটক প্রবাসীদের নাম-পরিচয় বা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।
সৌদি আরব
সৌদিতে অনলাইনে তথ্য শেয়ারের ওপর সতর্কতা
সৌদি আরবে নাগরিক ও বাসিন্দাদের অনলাইনে ব্যক্তিগত তথ্য, নথিপত্র ও বায়োমেট্রিক তথ্য শেয়ার করার সময় ওয়েবসাইট বা প্ল্যাটফর্মের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের ওপর সতর্কতা জারি করা হয়েছে। ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষ (SDAIA) সতর্ক করে বলেছে, অননুমোদিত বা অবিশ্বস্ত ওয়েবসাইট, অ্যাপ, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। কারণ এতে ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে। সৌদি ডেটা কর্তৃপক্ষ আরো উল্লেখ করেছে, এসব তথ্য ভুল হাতে পড়লে প্রতারণা, পরিচয় চুরি এবং বিভিন্ন সাইবার ক্রাইমের শিকার হওয়ার সম্ভাবনা তৈরি হয়; তাই কোনো অনলাইন সেবা ব্যবহারের আগে অবশ্যই প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও বৈধতা নিশ্চিত করার ওপর জোর দিতে হবে। এ বিষয়ে দেশটিতে থাকা প্রবাসীদেরও সতর্ক থাকা জরুরি বলে মনে করেন বাংলাদেশিরা।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ৪ এশিয়ান প্রবাসী আহত
সংযুক্ত আরব আমিরাতের শারজাহর খোরফাক্কান বন্দরে ড্রোন হামলা প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে চারজন এশিয়ান নাগরিক আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারের এই ঘটনায় বন্দরের ভেতরে আগুন লেগে যায়। তবে জরুরি সেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে কুলিং কার্যক্রম চলছে। আহতদের মধ্যে একজন নেপালি নাগরিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর তিনজন পাকিস্তানি আহত হলেও তারা আশঙ্কামুক্ত। পাশাপাশি জনগণকে গুজব না ছড়াতে এবং শুধু সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা আরো বাড়ানো হয়েছে এবং হামলার প্রচেষ্টা প্রতিহত করা হচ্ছে আমিরাতের পক্ষ থেকে।
ওমান
ওমান-ইরান উচ্চ পর্যায়ের বৈঠক
ওমান পররাষ্ট্র মন্ত্রণালয় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সহজ ও নিরাপদ করার বিষয়ে ইরানের সাথে বৈঠক করেছে। দুই দেশের কূটনৈতিক প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করে প্রণালীতে জাহাজের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে বিশেষজ্ঞরা উপস্থিত থেকে প্রস্তাবিত পরিকল্পনার নিরাপত্তা, কার্যকারিতা এবং বাস্তবায়নযোগ্যতা নিয়ে আলোচনা করেছেন। এই প্রস্তাবনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পর্যবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কোনো ধরনের অঘটন ঘটলে তা দ্রুত মোকাবিলা করার জন্য তার সম্ভাব্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে দ্য ওমান অবজার্ভারের খবরে বলা হয়েছে। আরো বলা হয়েছে, দুই দেশই হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ও বাণিজ্যিক এবং সামুদ্রিক কার্যক্রম সচল রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এখন এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নযোগ্য কিনা এবং কোন ধাপে নেওয়া হবে, তা নিয়েই বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।
logo-1-1740906910.png)