কুয়েতে গুরুত্বপূর্ণ ভবনের ভিডিও ধারণে ২৯ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৮
কুয়েতে ৬ জন কুয়েতি নাগরিক ও ২৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সম্প্রতি ইরানি হামলার লক্ষ্যবস্তু হওয়া একটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও ধারণ করছিলেন বলে অভিযোগ উঠেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনাকে নিরাপত্তা পরিস্থিতিতে গুরুতর লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
আরব টাইমস অনলাইন জানিয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৬ জন কুয়েতি নাগরিক এবং ২৩ জন প্রবাসী। তারা একটি গুরুত্বপূর্ণ স্থাপনার ফুটেজ ধারণ করছিলেন, যা সম্প্রতি ইরানি আগ্রাসনের লক্ষ্যবস্তু হয়েছিল। মন্ত্রণালয় বলছে, এ ধরনের সংবেদনশীল স্থাপনার ছবি বা ভিডিও ধারণ করা বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে গুরুতর অপরাধ।
কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। সংবেদনশীল স্থাপনা ও কৌশলগত এলাকায় বিশেষ নজরদারি চলছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।
গত ৩ এপ্রিল আলাদা এক অভিযানে ট্রাফিক পুলিশ মোট ২ হাজার ৩২৭টি আইন লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে। এ সময় ২২ জন প্রবাসীকে আবাসন সংক্রান্ত আইন ভঙ্গের কারণে গ্রেপ্তার করা হয়। এছাড়া যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল তাদেরও আটক করা হয়েছে। কিছু মানুষকে অস্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে এবং বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগে তাদেরও গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানোর কারণে ৭৯টি মামলা, সিটবেল্ট না পরার কারণে ৪৪টি মামলা এবং অবৈধভাবে গাড়ির জানালা কালো করার কারণে ৪৩টি মামলা নথিভুক্ত করা হয়েছে। সব অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুয়েতের নিরাপত্তা সূত্র জানিয়েছে, সব অপরাধীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আইন প্রয়োগ ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
logo-1-1740906910.png)