Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ এপ্রিল ২০২৬

বাহরাইনের সিত্রায় ড্রোনের ধ্বংসাবশেষ, ৪ জন আহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১৫:৪০

বাহরাইনের সিত্রায় ড্রোনের ধ্বংসাবশেষ, ৪ জন আহত

বাহরাইন

বাহরাইনের সিত্রায় ড্রোনের ধ্বংসাবশেষ

বাহরাইনের সিত্রা এলাকায় ইরানি ড্রোন প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় পড়ে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ এপ্রিল রাতে ড্রোনটি আকাশে ধ্বংস করা হলেও নিচে পড়া ধাতব টুকরার আঘাতে এ আহতের ঘটনা ঘটেছে। আহতরা সামান্য জখম হলেও দ্রুত সিভিল ডিফেন্স ও ন্যাশনাল অ্যাম্বুলেন্স দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সময় বেশ কয়েকবার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, সেই সাথে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থেকে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানানো হয়। চলমান ইরান-মার্কিন আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এই ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে, যা সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্যও উদ্বেগজনক। এ সময় সবাইকে মাথা ঠান্ডা রেখে নিরাপদে অবস্থান করতে হবে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। 


কুয়েত

কুয়েতে বিদ্যুৎ প্ল্যান্টে হামলা, বিপুল ক্ষয়ক্ষতি

কুয়েতে একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। দেশটির বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় জানিয়েছে, ৩ এপ্রিল ভোরে ইরানের হামলায় স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে বিদ্যুৎ ও পানির সরবরাহ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। প্ল্যান্টের কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ক্ষতি হলেও দ্রুত জরুরি ও প্রযুক্তিগত দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটি গত কয়েক দিনের মধ্যে একই ধরনের অবকাঠামোতে দ্বিতীয়বারের মতো হামলা, যা পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কুয়েতসহ উপসাগরীয় দেশগুলো পানির জন্য এসব শোধনাগারের ওপর ভীষণভাবে নির্ভরশীল। এর বাইরে অন্য কোনো পানির উৎস নেই দেশটিতে। তাই এ ধরনের হামলা আকস্মিক ও মারাত্মক মানবিক সংকটের কারণ হতে পারে।চলমান ইরান-মার্কিন উত্তেজনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী মধ্যপ্রাচ্যের দেশগুলো। এসব দেশে কর্মরত আছেন লাখ লাখ প্রবাসী বাংলাদেশি। আর এসব ঘটনা তাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাত প্রতিহত করল ড্রোন ও মিসাইল, ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে নিহত ১

দুবাইয়ের মারিনা বিল্ডিং এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষের আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে ৩ এপ্রিল ইরান থেকে ছোড়া অন্তত ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুবাই মিডিয়া অফিস।

এদিকে, আমিরাতের আবুধাবিতে ড্রোনের ডেব্রিসের আঘাতে একটি গ্যাস প্ল্যান্টে ব্যাপক ক্ষতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন মিসরীয় নাগরিক নিহত ও চারজন আহত হয়েছেন। আহতের দুইজন পাকিস্তানি। এছাড়া, ড্রোনের ডেব্রিসের আঘাতে দেশটির আজবান এলাকাতেও ৬ জন নেপালি ও পাঁচজন ভারতীয় নাগরিকের আহত হওয়ার খবর দিয়েছে দ্য গালফ নিউজ।আঞ্চলিক উত্তেজনার মধ্যে বারবার ধ্বংসাবশেষ পড়ার ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির নাজুক অবস্থার ইঙ্গিত দিচ্ছে, যা সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্যও বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 


কাতার

কাতারে ইমার্জেন্সি অ্যালার্ট নিয়ে নতুন নিষেধাজ্ঞা

কাতারে ইমার্জেন্সি অ্যালার্ট টোনকে মোবাইল রিংটোন হিসেবে ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাতার সরকার জানিয়েছে, মোবাইল রিংটোন, মেসেজ অ্যালার্ট বা নোটিফিকেশন, বা বিনোদনের জন্য ইমার্জেন্সি অ্যালার্ট টোন ব্যবহার করা যাবে না।কারণ এটি জনসাধারণের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং সামাজিক শৃঙ্খলার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।সরকারি বিবৃতিতে আরো বলা হয়েছে, এই সতর্কবার্তা টোন দেশের নিরাপত্তা ও জরুরি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ, যা প্রাকৃতিক বিপর্যয়, সড়ক দুর্ঘটনা, আগুন বা অন্যান্য জরুরি অবস্থায় নাগরিকদের তাৎক্ষণিকভাবে সতর্ক করতে ব্যবহৃত হয়। যদি কেউ এই টোনকে বিনোদনের জন্য ব্যবহার করে, তা আইন ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সৌদি আরব

সৌদিতে এপ্রিলেও ভারি বৃষ্টির পূর্বাভাস

এপ্রিল মাসেও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়ে বিশদ আবহাওয়ার মানচিত্র প্রকাশ করেছে সৌদির আবহাওয়া দপ্তর।  মানচিত্রটিতে দেখা যায়, এপ্রিল মাসে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমাঞ্চলের উচ্চভূমিতে বৃষ্টিপাতের ঘনত্ব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যাঞ্চলের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে এবং অন্যান্য অঞ্চলে কম মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই পূর্বাভাস ১৯৯৮ থেকে ২০২৫ সালের স্যাটেলাইট ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই আবহাওয়া মানচিত্রগুলো আগাম সতর্কতা ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হিসেবে কাজ করবে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং বৃষ্টিপাতজনিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে সহায়তা করে। একই সাথে দেশটিতে থাকা প্রবাসী ও বাসিন্দাদের দৈনন্দিন পরিকল্পনাও সহজ হবে। 

Logo