Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩ এপ্রিল ২০২৬

বাহরাইনে মেট্রোরেলের কাজ শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ২২:৩৬

বাহরাইনে মেট্রোরেলের কাজ শুরু

বাহরাইন

বাহরাইনে মেট্রোরেলের কাজ শুরু 

বাহরাইনে যোগাযোগ ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। বানানো হচ্ছে মেট্রোরেল প্রকল্প। বাহরাইন মেট্রোর প্রথম ধাপের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। দীর্ঘ প্রত্যাশার বাহরাইন মেট্রোরেল বাস্তবতার মুখ দেখতে শুরু করেছে। প্রথম ধাপে রেড লাইনের আওতায় মেট্রোরেলটি বিমানবন্দরকে যুক্ত করবে সিফ ডিসট্রিক্টের সাথে। আর ব্লু লাইনের আওতায় জুফেইরকে যুক্ত করবে ইসা টাউনের সাথে। থাকবে ২০টি স্টেশন। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাহরাইন মেট্রো হবে একটি সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা, যেখানে মেট্রোর সঙ্গে বাস ও সাইকেল চলাচলের পথ যুক্ত থাকবে। এর ফলে যাতায়াত হবে আরো সহজ।এই প্রকল্প বাস্তবায়িত হলে যানজট কমবে এবং বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সাথে দ্রুত সংযোগ গড়ে উঠবে। তবে কবে নাগাদ মেট্রোর কাজ শেষ হবে, তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি।  


কুয়েত

কুয়েতে শ্রমিকদের বেতন দেরিতে দেওয়া যাবে না 

কুয়েতে কর্মীদের দেরিতে বেতন দেওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক বার্তা পাঠিয়েছে দেশটির সরকার। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে, সরকারি সংস্থাগুলো মজুরি পর্যবেক্ষণ কঠোর করেছে। কর্মী-শ্রমিকদের ব্যাংক ট্রান্সফারও ঠিক তারিখে হচ্ছে কিনা, দেখা হচ্ছে। জানানো হয়েছে, কর্মী-শ্রমিকদের বেতন দেরিতে দিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে কোম্পানির বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চললেও কর্মী-শ্রমিকদের বেতন সময় মতো দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে বলা হয়েছে কুয়েত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বেসরকারি কোনো প্রতিষ্ঠানে পাঁচ বা তার বেশি কর্মী থাকলে, সেই প্রতিষ্ঠানের বেতন সরাসরি কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে।  


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে গৃহকর্মী নিয়োগে নতুন করে সতর্কতা 

অবৈধ কোম্পানির মাধ্যমে গৃহকর্মী নিয়োগের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে আরব আমিরাত। জানানো হয়েছে, লাইসেন্স ছাড়া গৃহকর্মী নিয়োগ দিলে নিয়োগকারী প্রতিষ্ঠান, কর্মী এবং কাস্টমার সবার বিরুদ্ধে মামলা ও জরিমানা হতে পারে। দেশটির মানবসম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় জানিয়েছে, কর্মী-কাস্টমার সবাইকে জরিমানা ও আইনগত ঝুঁকি থেকে বাঁচাতেই নতুন করে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। ২ এপ্রিল এই নিয়ে মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, অপরাধের ধরন বিবেচনা করে শাস্তির মাত্রা কঠিনও হতে পারে। তাছাড়া লাইসেন্স ছাড়া বাসাবাড়িতে গৃহকর্মী দেওয়া দেশটির আইনের লঙ্ঘন। এমনটি করলে প্রতিষ্ঠানকেও জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো পরিণতি ভোগ করতে হতে পারে।    

Logo