অর্থ পাচার রোধে কুয়েতের নতুন উদ্যোগ, হুন্ডি লেনদেনে কঠোর নজরদারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:০০
কুয়েত সরকার অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যবস্থা জোরদার করছে। ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-এর নির্দেশনা মেনে জাতীয় কাঠামো শক্তিশালী করতে সংশোধনী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আরব টাইমস অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
কুয়েতের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ড. হামাদ আল-মাকরাদ জানিয়েছেন, টাস্ক ফোর্সের অ্যাকশন প্ল্যান অনুযায়ী মূল্যায়ন শর্ত পূরণে কাজ চলছে। জাতীয় অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক মানদণ্ডে সামঞ্জস্য আনতে পদক্ষেপ নিচ্ছে।
এই উদ্যোগের ফলে কুয়েতের আর্থিক খাত আরো স্বচ্ছ হবে এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় আস্থা বাড়বে। তবে এর সরাসরি প্রভাব পড়বে প্রবাসীদের হুন্ডি লেনদেনে। কারণ অর্থ পাচার রোধে কঠোর নজরদারি চালু হলে অননুমোদিত পথে টাকা পাঠানো আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। হুন্ডি লেনদেনকে অর্থ পাচারের অংশ হিসেবে দেখা হয় এবং নতুন কাঠামোতে এ ধরনের লেনদেন শনাক্ত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফলে প্রবাসীদের জন্য বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে দেশে টাকা পাঠানোই নিরাপদ হবে। কুয়েত সরকার মনে করছে, বৈধ পথে রেমিট্যান্স পাঠালে শুধু প্রবাসীদের নিরাপত্তাই নিশ্চিত হবে না, বরং দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।
অর্থনীতিবিদরা বলছেন, টাস্ক ফোর্সের মানদণ্ড পূরণ না করলে কোনো দেশের আর্থিক খাত আন্তর্জাতিকভাবে ঝুঁকির মুখে পড়ে। ব্যাংকিং ও বিনিয়োগে আস্থা কমে যায়। তাই কুয়েতের এই পদক্ষেপ দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈশ্বিক আর্থিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি প্রবাসীদের জন্য একটি বার্তা- হুন্ডি নয়, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোই ভবিষ্যতে টিকে থাকার উপায়।
logo-1-1740906910.png)