সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের স্বাধীনতা দিবস উদযাপন
সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৮:৪৬
সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল রিয়াদের মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে অবস্থানরত সাংবাদিকবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে ছিল গম্ভীর ও শ্রদ্ধাময় পরিবেশ।
সংগঠনের সভাপতি সোহরাব হোসেন লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের মেডিসিন স্পেশালিস্ট ডা. আরিফুল ইসলাম।
প্রধান অতিথি ডা. আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রবাসীদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং মানবিক সহায়তার বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের তিনি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করার আহ্বান জানান এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করেন।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসকে আরো প্রবাসীবান্ধব হতে হবে। তিনি প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরে হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রবাসীদের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। এছাড়া প্রবাসীদের সমস্যা তুলে ধরতে গিয়ে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি সোহরাব হোসেন লিটনের বিনা অপরাধে কারাভোগের বিষয়টি উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সোহরাব হোসেন লিটন বলেন, প্রবাসে থেকেও দেশের জন্য কাজ করার দায়বদ্ধতা আমাদের সবার রয়েছে। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ, তাই তাদের দায়িত্ব আরো বেশি। সত্য প্রকাশে কোনো আপস না করে সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল, সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগকারী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জানাদিম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসাইন রিমন, রিয়াদের বাথা অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া, অনলাইন অ্যাক্টিভিস্ট লোকমান বিন নুর হাশেম, ব্যবসায়ী নুরুল ইসলাম ভুইয়া, সিলেট প্রবাসী শেখ ফয়েজ আহমেদ, কুমিল্লার প্রবাসী জসিম উদ্দিন ও মাহবুবুর রহমানসহ আরো অনেকে।
আলোচনা সভায় অন্য বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে প্রবাসে থেকেও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা দেশের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করেন এবং জাতীয় চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া প্রধান উপদেষ্টা ও আরটিভির সৌদি আরব ব্যুরো চিফ মোহাম্মদ আবুল বশির, সহসভাপতি ও যমুনা টিভির প্রতিনিধি সেলিম উদ্দিন দীদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আবুল কালাম আযাদ লিটন, সাংগঠনিক সম্পাদক ও নিউজ ২৪-এর প্রতিনিধি মোহাম্মদ রুস্তম খাঁন, দপ্তর সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি মিজানুর রহমান বাবু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি হাসান মাহমুদ, প্রচার সম্পাদক ও টিবিএন ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন এবং সদস্য আল আমিন নান্নুসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নাশিদ ব্র্যান্ডের সদস্য কাজী হাসান সাদীর টিম মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম আগত অতিথিদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করেন।
logo-1-1740906910.png)