কাতারের মন্ত্রীদের সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৮
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত হিসেবে দোহা সফররত পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কাতারের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে প্রধানমন্ত্রীর পাঠানো সংহতির বার্তা পৌঁছে দেন। বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে বৈঠকে হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে কাতারের নেতৃত্ব ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রায় ৪ লাখ ৫০ হাজার প্রবাসী বাংলাদেশিকে আশ্রয় দিয়ে তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করায় কাতারের ভূমিকাকে প্রশংসা করা হয়।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, প্রয়োজন হলে বাংলাদেশ যে কোনো সহায়তা দিতে প্রস্তুত। পাশাপাশি ২০২৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে কাতারের আমিরের সহায়তার বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন। শান্তি, সংলাপ ও মানবিক কূটনীতি প্রসারে কাতারের ভূমিকার প্রশংসা করেন বাংলাদেশের বিশেষ দূত।
এ সময় হুমায়ুন কবির কাতারের শ্রমমন্ত্রী ড. আলি বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গেও সাক্ষাৎ করেন। সাম্প্রতিক পারিবারিক শোকের ঘটনায় সমবেদনা জানিয়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
পরে তিনি দোহাস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করেন। সফরের অংশ হিসেবে তিনি উপসাগরীয় অঞ্চলের আরো কয়েকটি দেশ সফর করবেন বলে জানা গেছে।
logo-1-1740906910.png)