মধ্যপ্রাচ্যে একদিনে প্রায় এক হাজার ফ্লাইট বিপর্যয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:০১
মধ্যপ্রাচ্যে একদিনে ব্যাপক বিমান চলাচল বিপর্যয় ঘটেছে। সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত মিলিয়ে মোট ১৮৪টি ফ্লাইট বাতিল এবং ৮৯৫টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এতে হাজার হাজার যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন। ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ মার্চ ২০২৬ তারিখে এই বিপর্যয় ঘটে এবং এতে একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই, কায়রো, রিয়াদ, জেদ্দা, আবুধাবি, দাম্মাম, কুয়েত সিটি ও মানামার বিমানবন্দরগুলোতে ব্যাপক বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটে। এর মধ্যে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে একদিনে ৯৭টি ফ্লাইট বাতিল হয়। জেদ্দার কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বাধিক বিলম্ব রেকর্ড করা হয়েছে ২০২টি ফ্লাইট। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯০টি বিলম্ব ও ২৯টি বাতিল হয়েছে। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮৩টি বিলম্ব ও ৯টি বাতিল হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬৫টি বিলম্ব ও ১০টি বাতিল হয়েছে।
এয়ারলাইনগুলোর মধ্যে সৌদিয়া এয়ারলাইন্স সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ১৬৪টি ফ্লাইট বিলম্বিত এবং ২২টি বাতিল হয়েছে। এমিরেটসের ১০৯টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ইজিপ্ট এয়ারের ১০৭টি বিলম্ব ও ১৪টি বাতিল হয়েছে। গালফ এয়ারের ৪০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ফ্লাইদুবাই ও ফ্লাইআডিলও উল্লেখযোগ্য সংখ্যক বিলম্বের শিকার হয়েছে।
হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন। অনেকেই রিশিডিউলের অপেক্ষায় রয়েছেন, আবার কেউ কেউ হোটেল বা বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে বাধ্য হয়েছেন। বিশেষ করে দুবাই, কায়রো ও রিয়াদে যাত্রীদের ভোগান্তি সবচেয়ে বেশি হয়েছে।
যদিও প্রতিবেদনে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা এবং আঞ্চলিক নিরাপত্তাজনিত পরিস্থিতি মিলিয়ে এই বিপর্যয় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
logo-1-1740906910.png)