সৌদির জুবাইলে প্রবাসীর উদ্যোগে নির্মিত হচ্ছে শপিং কমপ্লেক্স
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৬:৪১
সৌদি আরবে বাংলাদেশি উদ্যোক্তার মালিকানায় জুুবাইলে নির্মিত হতে যাচ্ছে আধুনিক শপিং কমপ্লেক্স একে রিয়াদ পার্ক, যা সৌদি আরবে বাংলাদেশি মালিকানাধীন বৃহৎ বাণিজ্যিক উদ্যোগগুলোর মধ্যে নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এ প্রকল্পের উদ্যোক্তা চাঁদপুরের কচুয়ার সন্তান প্রবাসী ব্যবসায়ী আব্দুল কাইউম মির্জা।
প্রায় ৭ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে ওঠা এই শপিং কমপ্লেক্সে আধুনিক নগর জীবনের নানা সেবা এক ছাদের নিচে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পে থাকবে উন্নতমানের হাসপাতাল, আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট, কফিশপ, বড় আকারের হাইপার মার্কেট, আধুনিক মোবাইল শপ এবং কর্পোরেট অফিস স্পেস।
উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী ১২ জুন থেকে কমপ্লেক্সটির প্রি-বুকিং কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে সৌদি আরবে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুবাইলের বিশিষ্ট ব্যবসায়ী মো. জামাল হোসেন, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মো. আবুল বশীর, সংগঠনের সভাপতি সোহরাব হোসেন লিটন, সান-সিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, আমিয়াল গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া, সাংবাদিক আবুল কালাম আজাদ, শিহাব শাহিন, হাসান মাহমুদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শুধু প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে না, স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। তাদের আশা, বিদেশের মাটিতে বাংলাদেশি উদ্যোক্তাদের এমন সাফল্য আরো বিস্তৃত হবে।
logo-1-1740906910.png)
