ওমানের শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা ২৫ মার্চ থেকে ঘরে বসে কাজ করবেন। ওমান অবজারভার জানিয়েছে, জাতীয় মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের সতর্কতা এবং ন্যাশনাল কমিটি ফর এমার্জেন্সি ম্যানেজমেন্টের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসকাটসহ উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, মুসান্দাম, আল বুরাইমি, আল ধাহিরাহ, আল দাখিলিয়াহ এবং উত্তর আল শারকিয়াহ অঞ্চলের সরকারি প্রশাসনিক ইউনিট ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে রিমোট ওয়ার্ক কার্যকর হবে। মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় কর্মীদের সুরক্ষা দেওয়া।
গত কয়েক দিন ধরে ওমানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং কিছু এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরো কয়েক দিন ভারী বর্ষণ চলতে পারে। তাই কর্মীদের অফিসে যাতায়াত বন্ধ রেখে ঘরে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি প্রশাসনিক ইউনিটগুলোতে জরুরি সেবা ছাড়া অন্য সব কাজ অনলাইনে সম্পন্ন করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোও কর্মীদের নিরাপত্তা বিবেচনায় একইভাবে রিমোট ওয়ার্ক চালু করবে।
এ ধরনের সিদ্ধান্ত ওমানে নতুন নয়। অতীতে ঘূর্ণিঝড় বা প্রবল বর্ষণের সময়ও সরকার জননিরাপত্তার স্বার্থে রিমোট ওয়ার্ক চালু করেছিল। এবারো একই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে কর্মীদের জীবন ঝুঁকিতে না পড়ে।
জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থাপনা কমিটি ইতোমধ্যেই বিভিন্ন অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালু করেছে। স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে।
logo-1-1740906910.png)