মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৭ মার্চ ২০২৬
কুয়েতে ভাড়াটিয়া উচ্ছেদ কার্যক্রম স্থগিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১৯:২০
বাহরাইন
বাহরাইনে মশা মারার যন্ত্র বসাচ্ছে মিউনিসিপ্যালিটি
বাহরাইনে বৃষ্টির পর যাতে মশার উৎপাত না বাড়ে, সে জন্য দেশটির সাউদার্ন মিউনিসিপ্যালিটি কাউন্সিল পথেঘাটে মশা ও কীটপতঙ্গ মারা ফাঁদ বসাতে শুরু করেছে। মশার এসব ফাঁদ আবাসিক এলাকা ও বিনোদনমূলক স্থানজুড়ে বসানো হবে। যাতে নাগরিক ও বাসিন্দারা সন্ধ্যার পরও খানিকটা সময় উন্মুক্ত প্রান্তরে অবসর সময় কাটাতে পারেন। মশার কারণে তাদের পরিকল্পনা কাটছাঁট করতে না হয়। অনেক সময় সন্ধ্যার পর মশার উৎপাতে শিশু আর বয়স্কদের নাজেহাল হতে হয়। বাহরাইনের সাউদার্ন মিউনিসিপ্যালিটি কাউন্সিল জানিয়েছে, মশা মারা ফাঁদগুলো হবে লাইটের আকারে, যার আলো মশা ও কীটপতঙ্গদের আকর্ষণ করবে এবং ফাঁদে ফেলে মারবে। মিউনিসিপ্যালিটির আশা, এসব ফাঁদ নাগরিক ও বাসিন্দাদের বাইরে ঘোরাঘুরি বা অবসর সময়গুলোকে আনন্দময় করে তুলবে।
কুয়েত
কুয়েতে ভাড়াটিয়া উচ্ছেদ কার্যক্রম স্থগিত
কুয়েতে চলমান আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে ভাড়াটিয়াদের উচ্ছেদ কার্যক্রম আপাতত স্থগিত করেছে দেশটির সরকার। এপ্রিলের শুরুতে সরকারি ভাড়া বাসা থেকে অননুমোদিত ভাড়াটিয়াদের উচ্ছেদ করার পরিকল্পনা থাকলেও তা বন্ধ রাখা হয়েছে। কুয়েতের পাবলিক অথরিটি ফর হাউজিং ওয়েলফেয়ার জানিয়েছে, সংকটময় সময়ে অবৈধ ভাড়াটিয়াদের উচ্ছেদ করা উচিত হবে না। বরং ভাড়াটিয়াদের অনিশ্চয়তার মধ্যে না ফেলে তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক অস্থিরতার কারণে জনগণকে বাড়তি চাপের মুখে না ফেলার জন্যই উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। দেশটির মন্ত্রণালয়ের অনুমোদনে এই সিদ্ধান্ত কার্যকরও হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতের পুলিশের এখন লক্ষ্যবস্তু ভিন্ন ধরনের গাড়ি
আমিরাত সরকার পথেঘাটে বিস্ফোরকের মতো শব্দ সৃষ্টিকারী গাড়ি ও ড্রাইভারদের বিরুদ্ধে হাজার দিরহাম জরিমানার বিধান করেছে। এসব উচ্চ শব্দ সৃষ্টিকারী গাড়িগুলোকে শহরের নতুন উপদ্রব হিসেবে চিহ্নিত করে ব্যবস্থাও নিতে শুরু করেছে। আমিরাতের ট্রাফিক পুলিশ বলছে, গভীর রাতে এসব গাড়ির শব্দ আবাসিক এলাকার মানুষের শান্তি বিনষ্ট করছে। সামাজিক সুস্থতার ব্যঘাত হানছে। আমিরাতের ট্রাফিক বিভাগ মনে করছে, এসব প্রবণতা কেবল আইন কানুনের বিষয় নয়, বরং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার সাথেও জড়িত। তাই সাম্প্রতিক অভিযানে এসব গাড়ি ট্রাফিক পুলিশ লক্ষ্যবস্তু করছে এবং বিপুল দিরহামে জরিমানার বিধান করেছে।
logo-1-1740906910.png)