মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৫
সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দিয়েছে।
দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব বাংলাদেশি নাগরিকের ভিজিট, ওমরাহ বা ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে এবং তারা এখনো সৌদি আরব ত্যাগ করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়তে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণকারীরা ১৮ এপ্রিলের আগে যে কোনো দিন টিকিট বুক করে সরাসরি বিমানবন্দরে গিয়ে সৌদি আরব ত্যাগ করতে পারবেন। সৌদি কর্তৃপক্ষ এই সময়সীমার মধ্যে ভিসা নবায়ন বা জরিমানা ছাড়াই দেশ ছাড়ার সুযোগ দিয়েছে।
তবে দূতাবাস সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে দেশ না ছাড়লে সংশ্লিষ্টদের আইনি জটিলতায় পড়তে হতে পারে। সৌদি আরবের কঠোর অভিবাসন আইন অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীরা সময়মতো দেশ না ছাড়লে গ্রেপ্তার, জরিমানা কিংবা বহিষ্কারের মতো শাস্তির মুখোমুখি হতে পারেন।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন সময়মতো টিকিট বুক করে দেশে ফিরে আসেন। এতে ভবিষ্যতে সৌদি আরবে পুনরায় ভ্রমণ বা কর্মসংস্থানের সুযোগ হারানোর ঝুঁকি কমবে।
সৌদি আরবে বর্তমানে প্রায় ২৫ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। তাদের মধ্যে অনেকেই ভিজিট বা ওমরাহ ভিসায় গিয়ে নির্ধারিত সময় শেষে দেশে ফেরেন। তবে এবার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না।
বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের এই পদক্ষেপ অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ। দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীদের সংখ্যা কমাতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
logo-1-1740906910.png)