দুর্যোগপূর্ণ আবহাওয়া; কুয়েতে অফিস বন্ধ রাখার নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৩
কুয়েতে তীব্র আবহাওয়ার কারণে বাইরের কাজ সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে দেশটির জনশক্তি কর্তৃপক্ষ। প্রবল বাতাস, ধূলিঝড় ও অস্বাভাবিক আবহাওয়ার কারণে শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।
২৬ মার্চ এক বিজ্ঞপ্তিতে জনশক্তি কর্তৃপক্ষ জানায়, বাইরে কাজ করা সব প্রতিষ্ঠানকে কার্যক্রম বন্ধ রাখতে হবে। বিশেষ করে কনট্রাক্টিং কোম্পানি, ডেলিভারি সার্ভিস এবং যেসব প্রতিষ্ঠানের কাজ মূলত বাইরে সম্পন্ন হয়, তাদের এই নির্দেশনা মানতে হবে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় কাজ শুরু করা যাবে। তবে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত বাইরে কাজ বন্ধ রাখতে হবে।
কুয়েতে সাম্প্রতিক সময়ে তীব্র ধূলিঝড় ও প্রবল বাতাসের কারণে জনজীবন ব্যাহত হচ্ছে। বাইরে কাজ করা শ্রমিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তাই সরকারের এই নির্দেশনা শ্রমিকদের জন্য স্বস্তি এনে দিয়েছে।
বিভিন্ন কোম্পানি ইতোমধ্যেই বাইরে কাজ বন্ধ রেখেছে। শ্রমিকরা জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাবে।
জনশক্তি কর্তৃপক্ষ কোম্পানিগুলোর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে। তারা বলেছে, প্রতিকূল আবহাওয়ার সময় কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ধরনের পদক্ষেপ কর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।
logo-1-1740906910.png)