সৌদির রিয়াদে স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৭:০৭
সৌদি আরবে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসাইন। পরে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সময় রিয়াদে থাকা বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির সংগঠনও ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
পরে দূতাবাসের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি প্রতিনিধি মামুনুর রশিদ ও ডা. গোলাম হাসনাইন সোহান দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, আর আজও প্রবাসীরা দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সৌদি প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় আইন-কানুন মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
logo-1-1740906910.png)
