বিশ্বজুড়ে চলমান সংঘাতের পরিস্থিতি দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি দাবি করেছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাতকে ইতোমধ্যে কিছু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করতে শুরু করেছেন।
রাশিয়ার গোরচাকভ ফান্ডের ট্রাস্টি বোর্ডের এক বৈঠকে লাভরভ বলেন, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা মূলত পশ্চিমা দেশগুলোর আধিপত্য ধরে রাখার প্রচেষ্টার ফল। তার মতে, পশ্চিমা বিশ্বের একটি ক্ষুদ্র অংশ, বিশেষ করে রাজনৈতিক এলিটরা, রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে তাদের অবশিষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদ ব্যয় করছে।
তিনি জানান, আফ্রিকার মিত্রদের সঙ্গে নিয়ে আগামী অক্টোবর মাসে মস্কোতে রাশিয়া-আফ্রিকা সম্মেলনের প্রস্তুতি চলছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে লাভরভ বলেন, ইরান ও তার প্রতিবেশীদের মধ্যে সম্পর্কের অবনতিতে রাশিয়া চিন্তিত। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ওপর কঠোর সামরিক আগ্রাসনের অভিযোগ তুলে বলেন, এ পরিস্থিতি বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। রাশিয়া ইতোমধ্যে ইরান এবং গালফ কো-অপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে।
লাভরভের মতে, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আলোচনার পথই একমাত্র কার্যকর উপায়। ঐক্য ও স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে সমাধানই এ অঞ্চলের জন্য সবচেয়ে উপযোগী।
কিউবাকে ঘিরে বাড়তে থাকা আন্তর্জাতিক চাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। লাভরভ বলেন, কিউবার ওপর বাহ্যিক চাপ বৃদ্ধি পাচ্ছে এবং দেশটির সার্বভৌম উন্নয়নের অধিকারকে রাশিয়া সমর্থন করে। একই সঙ্গে কিউবাকে মানবিক সহায়তাসহ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
ফিলিস্তিন ইস্যুতেও রাশিয়ার অবস্থান স্পষ্ট করেন লাভরভ। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে রাশিয়া। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী এই সমস্যার ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করতে তারা চেষ্টা চালিয়ে যাবে।
logo-1-1740906910.png)