Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল চীন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:৫২

নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল চীন

ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের ফের দেশ ছাড়তে বা নিরাপদ এলাকায় চলে যেতে আহ্বান জানিয়েছে দেশটির দূতাবাস। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা ও তীব্রতা বেড়ে যাওয়ায় এ সতর্কতা দেওয়া হয়েছে।  

২৩ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, হামলার কারণে হতাহতের সংখ্যা ও সম্পত্তির ক্ষয়ক্ষতি বাড়ছে। অনেক ক্ষেত্রে সময়মতো আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় মানুষ আহত হয়েছেন। তাই নাগরিকদের ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করতে বা নিরাপদ অঞ্চলে সরে যেতে বলা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, বিমানবন্দর, বন্দর, বিদ্যুৎকেন্দ্র এবং তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। নাগরিকদের বাড়ি ও কর্মস্থলের কাছাকাছি পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা রাখতে এবং বিমান হামলার সাইরেন শোনামাত্রই অবিলম্বে আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।  

দূতাবাস সতর্ক করেছে, জীবন ঝুঁকিতে ফেলতে পারে এমন কোনো অবহেলা এড়িয়ে চলতে হবে। জরুরি পরিস্থিতিতে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে এবং প্রয়োজনে দূতাবাসের সহায়তা নিতে বলা হয়েছে।  

চীনা দূতাবাস জানিয়েছে, বুধবার মিসরের দক্ষিণ সিনাই প্রদেশের তাব্বা সীমান্ত ক্রসিং দিয়ে হংকং, ম্যাকাও এবং তাইওয়ানের নাগরিকসহ চীনা নাগরিকদের আরেকটি দলকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

Logo