Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে বজ্রঝড় ও বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:৪৯

সৌদি আরবে বজ্রঝড় ও বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) বজ্রঝড়, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে। ২৩ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাজান, রিয়াদ, হাইল, মক্কা, কাসিম, আসির, পূর্বাঞ্চল এবং উত্তর সীমান্ত অঞ্চলে তীব্র আবহাওয়ার প্রভাব পড়তে পারে।  

এনসিএম জানিয়েছে, এসব অঞ্চলে প্রবল বাতাস, শিলাবৃষ্টি, বজ্রঝড়, আকস্মিক বন্যা এবং দৃষ্টিসীমা কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এর আগে কেন্দ্র জানিয়েছিল, পূর্বাঞ্চল, রিয়াদ, মক্কা, আল-বাহা, আসির, জাজান ও নাজরানে মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।  

আবহাওয়া কেন্দ্র আরো জানিয়েছে, কাসিম, হাইল, মদিনা, তাবুক, আল-জৌফ এবং উত্তর সীমান্ত অঞ্চলেও একই ধরনের আবহাওয়ার প্রভাব পড়তে পারে। তাবুকের উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আল-লাওজ, আল-আকান ও আল-দাহর অঞ্চলে।  

এদিকে সৌদি আরবের সিভিল ডিফেন্স অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, বজ্রঝড়ের সময় খোলা জায়গায় না যেতে, গাছ ও ধাতব কাঠামো থেকে দূরে থাকতে এবং ঘর বা গাড়ির ভেতরে আশ্রয় নিতে হবে। ভ্রমণ বা বাইরে বের হওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সব ধরনের সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। জরুরি পরিস্থিতিতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৮ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। 

সিভিল ডিফেন্স জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আবহাওয়া সচেতনতা কর্মসূচি চালাচ্ছে। এর মাধ্যমে জনগণকে ঝুঁকি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে উৎসাহিত করা হচ্ছে।  

অন্যদিকে উত্তর সীমান্ত অঞ্চলের তুরাইফ গভর্নরেটে মঙ্গলবার ঘন কুয়াশায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। তাপমাত্রা নেমে আসে ৮ ডিগ্রি সেলসিয়াসে। এনসিএম জানিয়েছে, সেখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কুয়াশার কারণে দৃষ্টিসীমা আরো কমে যেতে পারে।

Logo