বাহরাইনের সামাজিক বিমা সংস্থা (এসআইও)-তে ২০২৫ সালে নিবন্ধিত কর্মীদের মধ্যে প্রবাসী শ্রমিকরাই সংখ্যাগরিষ্ঠ ছিলেন। সর্বশেষ প্রকাশিত চতুর্থ ত্রৈমাসিকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষে বেসরকারি খাতে নিবন্ধিত বিদেশি কর্মীর সংখ্যা ছিল ৪৭৭ হাজারের বেশি।
মোট নিবন্ধিত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৬ হাজার ৩০৩ জনে। এর মধ্যে ৫ লাখ ৮৩ হাজার ৯৫৮ জন বেসরকারি খাতে এবং ৫২ হাজার ৩৪৫ জন সরকারি খাতে কর্মরত ছিলেন। নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৬৪৫ জন ছিলেন বাহরাইনি নাগরিক, যার মধ্যে প্রায় ৬৭ শতাংশ বেসরকারি খাতে কাজ করেন। অন্যদিকে বিদেশি কর্মীর সংখ্যা ছিল ৪ লাখ ৭৭ হাজার ৬৫৮ জন।
প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনি কর্মীর সংখ্যা আগের বছরের তুলনায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বিদেশি কর্মীর সংখ্যা বেড়েছে প্রায় ২ শতাংশ। বেসরকারি খাতে পুরুষ কর্মীর সংখ্যা নারীদের তুলনায় অনেক বেশি হলেও সরকারি খাতে নারীর সংখ্যা পুরুষদের ছাড়িয়ে গেছে। সরকারি খাতে ২৮ হাজার ৮১৫ জন নারী এবং ২৩ হাজার ৫৩০ জন পুরুষ কর্মরত ছিলেন।
২০২৫ সালের শেষে এসআইও-তে নিবন্ধিত পেনশনভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৩৩৭ জনে। এর মধ্যে ৫৮ শতাংশ বেসরকারি খাত থেকে এবং ৪২ শতাংশ সরকারি খাত থেকে অবসর নিয়েছেন। এছাড়া ২৫ হাজার ৬৭৯ জন সুবিধাভোগী, যাদের মধ্যে শিশু, বিধবা ও অন্যান্য নির্ভরশীলরা রয়েছেন নিবন্ধিত হয়েছেন।
প্রতিবেদন বলছে, বাহরাইনি কর্মীদের গড় মাসিক বেতন ছিল ৯১৪ দিনার এবং তাদের গড় বয়স ৩৬ বছর। অন্যদিকে গড় পেনশনভোগীর বয়স ছিল ৫৮ বছর এবং তারা মাসে গড়ে ৮৫৭ দিনার পেনশন পান। গত পাঁচ বছরে সরকারি ও বেসরকারি খাতে নিবন্ধিত বাহরাইনি কর্মীর সংখ্যা ৯ শতাংশ বেড়েছে।
বেতন কাঠামোতে দেখা যায়, সরকারি খাতে কর্মরত বাহরাইনিদের মধ্যে ৩৩ শতাংশ মাসে এক হাজার দিনারের বেশি আয় করেন। অন্যদিকে বেসরকারি খাতে মাত্র ২২ শতাংশ কর্মী এক হাজার দিনারের বেশি আয় করেন। বেশির ভাগ বাহরাইনি কর্মী বেসরকারি খাতে মাসে ২০০ থেকে ৩৯৯ দিনার আয় করেন।
প্রবাসী কর্মীদের আয় তুলনামূলকভাবে অনেক কম। তাদের মধ্যে ৭১ শতাংশ মাসে ২০০ দিনারেরও কম আয় করেন। মাত্র ৪ শতাংশ প্রবাসী মাসে এক হাজার দিনারের বেশি আয় করেন।
logo-1-1740906910.png)