Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

উৎসবমুখর পরিবেশে আমিরাতে প্রবাসীদের ঈদ

উৎসবমুখর পরিবেশে আমিরাতে প্রবাসীদের ঈদ

ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তেজনার মাঝেও আমিরাতে উৎসবমুখর পরিবেশে ঈদের ছুটি উপভোগ করছেন দেশটির নাগরিক ও বাসিন্দারা। সব মসজিদে ঈদের জামাত আদায়ের পর প্রবাসী বাংলাদেশিরা নির্বিঘ্নে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন।

নাগরিক নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বেশি সতর্ক অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় অঞ্চলে ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তেজনা থাকলেও ঈদ উদযাপন নিয়ে কোনো ধরনের শঙ্কায় পড়তে হয়নি দেশটিতে বসবাসরত বাসিন্দাদের। প্রতি বছরের মতো এবারো তারা স্বাভাবিকভাবে এবং নির্বিঘ্নে ঈদ উৎসব পালন করছেন।

প্রবাসী বাংলাদেশিরা ঈদের ছুটি কাটাচ্ছেন আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে। ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর মাঝে ছিল উচ্ছ্বাস ও আনন্দ। অনেক পরিবারকে দেখা গেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সেমাই, পায়েশ, চটপটি ও নানা মিষ্টান্ন পরিবেশন করতে। বাংলাদেশি কমিউনিটি নেতাদের বাসায় ছিল দেশীয় খাবারের নানা আয়োজন। অনেকে দলবেঁধে একে অপরের বাসায় গিয়ে ঈদের আড্ডায় মেতে উঠেছেন। আবার কেউ কেউ ঈদকে স্মরণীয় করে রাখতে ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন। দূর দেশে থেকেও প্রবাসীরা ভার্চুয়ালি পরিবার-পরিজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

আমিরাতের বিভিন্ন বিনোদনকেন্দ্র; বিশেষ করে শপিংমল, সিনেমা হল, সমুদ্রসৈকত, পার্ক, বিনোদন পার্ক, নৌবিহার ও ফুড কোর্টগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে পার্শ্ববর্তী দেশ ওমান ভ্রমণেও গেছেন। তবে উপসাগরীয় অঞ্চলের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় এবার বাংলাদেশ মিশনগুলো ‘ওপেন হাউস’ কার্যক্রম বন্ধ রেখেছে।

Logo