ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামে কী ঘটল মধ্যপ্রাচ্যে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:১১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার হুমকি দিয়ে বলেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ৪৮ ঘণ্টার মধ্যে না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই বার্তা দেন। তার দেওয়া সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ২৩ মার্চ সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে, যা তেহরান সময় অনুযায়ী রাত ৩টা ১৪ মিনিট।
ট্রাম্পের হুমকির পরদিন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানিকেন্দ্রগুলো স্থায়ীভাবে ধ্বংস করে দেওয়া হবে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজও একটি মানচিত্র প্রকাশ করে সতর্ক করে দেয়, ট্রাম্প যদি হুমকি বাস্তবায়ন করেন, তবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো বিদ্যুৎহীন হয়ে পড়বে।
জাতিসংঘের সামুদ্রিক সংস্থায় নিযুক্ত ইরানের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালী শত্রু দেশগুলোর জাহাজ বাদে অন্য সবার জন্য উন্মুক্ত রয়েছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র যদি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তবে তারা অনির্দিষ্টকালের জন্য প্রণালী বন্ধ করে দিতে প্রস্তুত। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীও (আইআরজিসি) একই ধরনের পাল্টা জবাবের ঘোষণা দেয়।
এর কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তিনি ইরানের বিদ্যুৎ ও জ্বালানিকেন্দ্রে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখবেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ট্রাম্পের দাবি আসলে জ্বালানির দাম নিয়ন্ত্রণ ও সামরিক পরিকল্পনায় সময়ক্ষেপণের কৌশল।
logo-1-1740906910.png)