Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

যুদ্ধের কারণে দাম কমছে দুবাইয়ের ফ্ল্যাট, বাড়ির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:১০

যুদ্ধের কারণে দাম কমছে দুবাইয়ের ফ্ল্যাট, বাড়ির

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা আক্রমণে উপসাগরীয় অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ চার সপ্তাহে গড়িয়েছে, আর এর প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের সম্পত্তি বাজারে। এত দিন ধনীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত দুবাইয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আবাসন খাতে লেনদেন দ্রুত কমছে এবং দাম কমানোর ইঙ্গিত দিচ্ছেন অনেক এজেন্ট।  

গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকদের এক নোট অনুযায়ী, চলতি মার্চের প্রথম ১২ দিনে ইউএইর আবাসন খাতে লেনদেনের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ কমেছে। ফেব্রুয়ারির একই সময়ের তুলনায় কমেছে ৪৯ শতাংশ। ইতোমধ্যে কিছু সম্পত্তি বড় ছাড়ে বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তা ও এজেন্টদের তথ্য অনুযায়ী, কোথাও কোথাও দাম ১২-১৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।  

উদাহরণস্বরূপ, বুর্জ খলিফার কাছাকাছি একটি সম্পত্তি আগে ৭ লাখ ৩৫ হাজার ডলারে বিক্রির জন্য প্রস্তাব করা হয়েছিল। এখন দ্রুত বিক্রির জন্য মালিক দাম কমিয়ে ৬ লাখ ৫০ হাজার ডলার চেয়েছেন। একইভাবে পাম জুমেইরাহ এলাকায় নির্মাণাধীন একটি ফ্ল্যাট প্রায় ২০ লাখ ডলারে বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে, যা আগের দামের তুলনায় ১৫ শতাংশ কম।  

দুবাইয়ের রিয়েল এস্টেট খাতের উত্থান এত দিন অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলছিল। টানা পাঁচ বছর দাম বাড়ার পর বাজারে মন্দার আশঙ্কা আগে থেকেই ছিল। বর্তমান সংঘাত সেই আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইমার প্রোপার্টিজের শেয়ার দুবাই শেয়ারবাজারে ২৬ শতাংশের বেশি কমেছে।  

সিটি ব্যাংকের বিশ্লেষকেরা বলছেন, এই যুদ্ধ দুবাইয়ে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির প্রত্যাশায় উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে জনসংখ্যা বৃদ্ধি মাত্র ১ শতাংশ হতে পারে। ২০২৭ থেকে ২০৩১ সালের মধ্যে বার্ষিক প্রবৃদ্ধি ২ থেকে আড়াই শতাংশে সীমিত থাকতে পারে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে জনসংখ্যা বেড়েছে প্রায় ৪ শতাংশ হারে। এতে আগামী দুই বছরে সম্পত্তির দাম গড়ে ৭ শতাংশ হারে কমতে পারে।

তবে কার্যক্রম পুরোপুরি থেমে যায়নি। পাম জুমেইরাহ এলাকায় একটি নির্মাণাধীন সম্পত্তি চলতি সপ্তাহে প্রায় ২ কোটি ৫০ লাখ ডলারে বিক্রি হয়েছে। ডেভেলপার আরাডা বলছে, এটি দুবাইয়ে বিলাসবহুল আবাসনের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের প্রমাণ। বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকওকের চেয়ারম্যান ইমরান শেখ বলেন, “লেনদেন বন্ধ হয়নি, বরং অনেকেই সুযোগ খুঁজছেন”।

Logo