Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ২২:৪৪

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজার

গত ১২ থেকে ১৮ মার্চ পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে মোট ২২ হাজার ৯৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এদের বিরুদ্ধে রেসিডেন্সি আইন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগ রয়েছে।  

সৌদি গেজেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ হাজার ১৮১ জন রেসিডেন্সি আইন ভঙ্গ করেছেন। সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে আটক হয়েছেন ৩ হাজার ৯৩১ জন এবং শ্রম আইন ভঙ্গের কারণে আটক হয়েছেন ১ হাজার ৮১৯ জন।  

এ সময় ১ হাজার ৬৩৫ জনকে আটক করা হয় যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছিলেন। এদের মধ্যে ২৯ শতাংশ ইয়েমেনি, ৬৮ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া দেশ ছাড়ার চেষ্টা করার সময় ৪০ জনকে আটক করা হয়েছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা অবৈধভাবে প্রবেশকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের ব্যবস্থা করছিলেন এবং তাদের কার্যক্রম গোপন করছিলেন। বর্তমানে ২৯ হাজার ৫৬৪ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এদের মধ্যে ২৬ হাজার ৭১৪ জন পুরুষ এবং ২ হাজার ৮৫০ জন নারী।  

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২১ হাজার ১৩৩ জনকে তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য। ৩ হাজার ২৮৫ জনকে ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে এবং ৭ হাজার ৭৬১ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, যারা অবৈধ প্রবেশ, পরিবহন বা আশ্রয় দেওয়ার কাজে সহায়তা করবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, ব্যবহৃত যানবাহন ও বাসস্থান বাজেয়াপ্ত এবং প্রকাশ্যে নাম প্রকাশের শাস্তি দেওয়া হবে। এসব অপরাধকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং অপরাধীদের আটক রাখা হবে।  

জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে, কেউ যদি এ ধরনের আইন ভঙ্গের ঘটনা দেখতে পান তবে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে ফোন করে রিপোর্ট করতে।

Logo