Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ঈদের দিনটি কীভাবে উদযাপন করলেন আমিরাতের অধিবাসীরা?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ২২:৪১

ঈদের দিনটি কীভাবে উদযাপন করলেন আমিরাতের অধিবাসীরা?

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর ২০২৬ উদযাপন হয়েছে আনন্দ, মিলন আর উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, প্রার্থনা, খাবার ভাগাভাগি আর ছোট ছোট মুহূর্তকে উপভোগ করেই দিনটি কাটাচ্ছেন প্রবাসী ও স্থানীয় বাসিন্দারা।  

দুবাইয়ের বাসিন্দা আনাস জানালেন, “আজ অনেক আনন্দের দিন। আমরা পরিবার ও বন্ধুদের সঙ্গে আছি, আর অবশ্যই বিরিয়ানি খাব।” তিনি আরো বলেন, শহরের উৎসবমুখর পরিবেশ উপভোগ করতে তারা দুবাই ফ্রেমে ঘুরতে গেছেন। 

পাকিস্তানি বিক্রয়কর্মী মুহাম্মদ জুনায়েদ বললেন, “ঈদ আমার কাছে পুরস্কারের মতো। রোজা শেষে নামাজ পড়ি, আনন্দ করি। নানা খাবার রান্না হয়, সবাই মিলে খাই। এবারের ঈদে ঘরের ভেতরে নামাজ পড়া হয়েছে, যা কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ দিয়েছে। সবচেয়ে বড় কথা, ইউএই আমাদের নিরাপদ রেখেছে।”  

শাহিদ সুলতান, একজন টেলিকম সহকারী, জানালেন তার রুটিন। “আমি নতুন পোশাক তৈরি করি, মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়ি। পরিবার ও বন্ধুদের শুভেচ্ছা পাঠাই। ভাগ্যক্রমে আমার আত্মীয়রা এখানে আছে, তাদের সঙ্গে খাবার খাই, গল্প করি। পরিস্থিতি ভিন্ন হলেও আমি ধন্য যে ইউএইতে আছি, কারণ এখানে নিরাপদ বোধ করি। আমরা সবাই শান্তির জন্য প্রার্থনা করছি।”  

শারজাহতে মার্কেটিং পেশাজীবী তুষার মেহতা দিনটি উদযাপন করেছেন অন্যভাবে। তিনি সহায়ক কর্মী ও ফ্রন্টলাইন স্টাফদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। ফিলিপিনা কর্মকর্তা নিনা মেরি জুয়ান দিনটি কাটিয়েছেন প্রার্থনা, পরিবারের সঙ্গে প্রাতঃরাশ, ছোট ছোট খেলা আর আনন্দ ভাগাভাগি করে। তিনি বলেন, “এবার প্রথমবার আমরা মসজিদে ভেতরে নামাজ পড়েছি। শিশুরা নামাজের সময় মিষ্টি বিতরণ করেছে, যা পরিবেশকে আরো প্রাণবন্ত করেছে।”  

আবুধাবির স্বাস্থ্যকর্মী নাবিল রাজ্জাক পরিবার নিয়ে রাস আল খাইমাহর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঈদ উদযাপন করেছেন। ডা. ফাতিমা খালিদ ও ফাতিমা জাফর তাহির জানিয়েছেন, তারা দিনটি কাটিয়েছেন পরিবারকে নিয়ে সহজ মুহূর্তগুলোকে উপভোগ করে, আশপাশের মানুষদের সঙ্গে সুখ ভাগাভাগি করে এবং দানের চেতনা মনে রেখে।  

শিশুরা খেলাধুলায় মেতে উঠেছে, কমিউনিটি সদস্যরা একে অপরকে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেছে। সকালবেলার নামাজ থেকে শুরু করে শারজাহর বুহাইরা কর্নিশে প্রাণবন্ত আড্ডা; সব জায়গায়ই ছিল উষ্ণতা, একতা ও আনন্দের আবহ।  

দিনভর নিরাপত্তা ব্যবস্থা ও পরিকল্পনার কারণে মানুষ নিশ্চিন্তে উৎসব উপভোগ করতে পেরেছে। সর্বত্রই প্রতিধ্বনিত হয়েছে কৃতজ্ঞতা, ভালোবাসা ও মিলনের বার্তা, যা ঈদের প্রকৃত চেতনা। 

Logo