Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯ মার্চ ২০২৭

কাতারের রাস লাফানে হামলা, বাংলাদেশে প্রভাব পড়ার শঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১৯:২৮

কাতারের রাস লাফানে হামলা, বাংলাদেশে প্রভাব পড়ার শঙ্কা

কাতার

কাতারের রাস লাফানে হামলা, বাংলাদেশে প্রভাব পড়ার শঙ্কা

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। বন্ধ রয়েছে তরল গ্যাসের উৎপাদন। ১৯ মার্চ সকালে এই হামলার জন্য ইরানকে দায়ী করে কাতার একে মারাত্মক প্রবণতা হিসেবে আখ্যা দিয়েছে। কাতার সতর্ক করে বলেছে, এই হামলা রেশ পড়বে বিশ্ব অর্থনীতিতে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাফানে প্রক্রিয়াজাত করে ও সেখান থেকেই রপ্তানি করা হয় পৃৃথিবীর বিভিন্ন দেশে। বিশেষত বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। তার মধ্যে বাংলাদেশের এলএনজি আমদানির ৭০ শতাংশ আসে কাতারের এই লাফান থেকে। ভারত আর পাকিস্তানেরও এলএনজি চাহিদার বড় অংশ মেটায় এই কারখানাটি। ফলে আশঙ্কা করা হচ্ছে, লাফানে উৎপাদন বন্ধ হলে বাংলাদেশে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হবে। একই পরিস্থিতির মুখে পড়বে ভারত ও পাকিস্তানও। কাতারের রাস লাফান কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজের কারণে এ মাসের শুরু থেকেই তারা তরল গ্যাসের উৎপাদন বন্ধ রেখেছিল। আর নতুন করে এই হামলার কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে আরো দেরি হবে। 

বাহরাইন

বাহরাইনের বায়ু নিরাপদ, নেই কোনো তেজস্ক্রিয়তা

বাহরাইনের আকাশে ও সমুদ্রে কোনো প্রকার পরমাণু তেজস্ক্রিয় উপাদানের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ পরিবেশ পরিষদ। জানানো হয়েছে, বাহরাইনের বাতাস ও পানি নিরাপদ। ইরানের পরমাণু কেন্দ্র বুশেহেরে ইসরায়েলি হামলার পর শঙ্কা দেখা দিয়েছিল, যদি বুশেহের কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়, তবে তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়লে ক্ষতির মুখে পড়তে পারেন উপসাগরীয় দেশগুলোর কোটি কোটি মানুষ। আর এর পরিপ্রেক্ষিতেই চালানো পরীক্ষায় বাহরাইনের পরিবেশ পরিষদ জানাল দেশটির আকাশ ও জলসীমায় কোনো ধরনের অস্বাভাবিক তেজস্ক্রিয়তা পাওয়া যায়নি। ফলে দেশটির নাগরিক ও বাসিন্দাদের ভয়ের কোনো কারণ নেই। পরিবেশ পরিষদ আরো জানিয়েছে, দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তায়, বিশ্ব পরমাণু শক্তি সংস্থার সাথে মিলে তারা দেশটির পরিবেশ বিষয়ে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে।   

সৌদি আরব

ইরানকে হুমকি সৌদির, নিতে পারে সামরিক ব্যবস্থা 

সৌদি আরবে জ্বালানি কূপগুলোতে হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। এসব হামলার জন্য ইরানকে দায়ী করে সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের ওপর তাদের বিশ্বাস একেবারে ভেঙে গেছে। জ্বালানি শোধনাগারে হামলার মতো কোনো চাপে সৌদি নতি স্বীকার করবে না বরং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে পারে। কারণ আত্মরক্ষার অধিকার রয়েছে সৌদি আরবের। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এমন হুমকির পর মধ্যপ্রাচ্যে সংঘাতের বাস্তবতা বিপজ্জনক দিকে মোড় নিতে যাচ্ছে। আর ১৮ মার্চ গভীর রাতে সৌদির রাজধানী রিয়াদে দক্ষিণ অংশে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে চার এশিয়ান আহত হয়েছে। বাড়িঘরের ক্ষয়ক্ষতি হলেও তা বেশি বড় নয় বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।  

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ঈদের জন্য পার্কিং ফ্রি করা হয়েছে

ঈদের ছুটি উপলক্ষে আমিরাতের দুবাই, শারজাহ, আজমান আর আবুধাবিতে সব পাবলিক পার্কিং ফ্রি করা হয়েছে। এছাড়া ছাড় দেওয়া হয়েছে টোলেও। ঈদের ছুটির চার দিন মানে ১৯ থেকে ২২ এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দুবাই আরটিএ জানিয়েছে, বহুতল পার্কিংগুলোতে চার্জ দিতে হবে।অন্যদিকে শারজাহ ঈদের প্রথম তিন দিনের জন্য পার্কিং ফি মওকুফের ঘোষণা দিয়েছে, যাতে বাসিন্দা ও দর্শনার্থীরা চার্জের দুশ্চিন্তা ছাড়াই ঈদ উদযাপন করতে পারেন। আজমানে ১৯ থেকে ২২ মার্চ গাড়ি পার্কিং ফ্রি থাকবে। আর ঈদের চতুর্থ দিন থেকে পার্কিংয়ের নিয়মিত ট্যারিফ সবখানে আবার চালু হবে। ঘোষণা থাকলেও ভুল বোঝাবুঝি অবসানে ড্রাইভারদের নীল রংয়ের পার্কিং সাইন পড়ে বুঝে নিতে বলা হয়েছে।  

কুয়েত

কুয়েত চালু করেছে ফোনে সতর্কতা ব্যবস্থা

কুয়েত চলমান যুদ্ধ পরিস্থিতিতে নাগরিক আর বাসিন্দাদের সতর্ক করতে পরীক্ষামূলকভাবে ফোনে সতর্কতা ব্যবস্থা চালু করেছে। প্রাথমিকভাবে এনরয়েড ও হুয়াওয়ে ডিভাইসে সতর্কতা চালু হয়েছে। ধীরে ধীরে অ্যাপেলসহ অন্যান্য সেটেও চালু হবে। তিনটি ধাপে এই সতর্কতা জানানো হবে। প্রথম ধাপে সর্বোচ্চ সতর্কতার টোন; দ্বিতীয়, একটি টোন অ্যালার্টসহ এসএমএস এবং তৃতীয় সাইলেন্ট নোটিফিকেশন। ব্যবহারকারী তাদের নিজেদের মতো করে অ্যালার্ট ব্যবস্থা সেট করতে পারবেন। কুয়েত সরকার জানিয়েছে, বাসিন্দাদের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা প্রস্তুতি বিবেচনায় নিয়ে ফোনে সতর্কতার বিষয়টি চালু করা হয়েছে।  

Logo