Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতারে জরুরি পরিস্থিতি মোকাবিলায় নতুন নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ২২:৩৮

কাতারে জরুরি পরিস্থিতি মোকাবিলায় নতুন নির্দেশনা

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MoI) কর্মস্থলে জরুরি পরিস্থিতি মোকাবিলায় নতুন সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে এই নির্দেশনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে দ্রুত ও সুশৃঙ্খলভাবে কর্মস্থল খালি করার ওপর।

নির্দেশনায় বলা হয়েছে, কর্মস্থলে কর্মী ও কর্মকর্তাদের আগে থেকেই জরুরি নির্গমন পথ ও সমাবেশস্থল সম্পর্কে ধারণা রাখতে হবে। করিডর ও সিঁড়ি সব সময় খালি রাখতে হবে, যাতে বিপদের সময় সহজে বের হওয়া যায়। অগ্নিনির্বাপক যন্ত্রসহ নিরাপত্তা সরঞ্জাম কোথায় আছে তা জানা জরুরি।

জরুরি সংকেত পাওয়া মাত্রই কাজ বন্ধ করে শান্তভাবে বের হয়ে আসতে হবে। ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহে সময় নষ্ট করা যাবে না। সহকর্মী, দর্শনার্থী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, নির্ধারিত জরুরি পথ ব্যবহার করতে হবে এবং কখনোই লিফট ব্যবহার করা যাবে না। ধোঁয়া থাকলে নিচু হয়ে চলতে হবে। বাইরে এসে নির্ধারিত সমাবেশস্থলে অবস্থান করতে হবে এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ ভবনে ফিরে যেতে পারবে না।

যদি পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব না হয়, তবে ভবনের ভেতরে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। দরজা বন্ধ করে রাখতে হবে এবং কাচের দেয়াল বা জানালা থেকে দূরে থাকতে হবে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিয়ে উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্দেশনা কর্মস্থলে নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম ও অফিসিয়াল ওয়েবসাইটে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কাতারের দ্রুত নগরায়ন ও বহুতল ভবন বৃদ্ধির কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। মন্ত্রণালয়ের এই উদ্যোগ কর্মীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Logo