Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ মার্চ ২০২৬

আরব-ইসলামিক দেশগুলোর সভা ডেকেছে সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৯:০৭

আরব-ইসলামিক দেশগুলোর সভা ডেকেছে সৌদি আরব

বাহরাইন

বাহরাইনের বিমানবন্দরে মাদক নিয়ে ধরা দুই এশিয়ান

বাহরাইনের বিমানবন্দরে মাদক চোরাচালান করতে গিয়ে ধরা পড়েছেন দুই এশিয়ান, তার মধ্যে একজন নারী। এই দুই মাদক কারবারি শান্তভাবেই বাহরাইনে পৌঁছে লাগেজ বেল্টে অপেক্ষ করছিলেন।। কিন্তু ইমিগ্রেশন কর্মকর্তা ঠিকই সন্দেহ করছিলেন, তাদের লাগেজে কোনো না কোনো সমস্যা আছে। তাদের আচরণও ছিল সন্দেহজনক। নিজেদের আনা লাগেজকে অন্যের জন্য আনা বলে দাবি করেছিলেন। অফিসাররা একটার পর কাপড়ের ভাঁজ আর শুঁটকি মাছের ভেতর মাদক দেখতে পান। তদন্তে আরো দেখা যায়, দুই মাদক কারবারির জন্য আগে থেকেই হোটেলে রুম বুকও করে রাখা হয়েছিল। পরিকল্পনা সফল হলে হয়তো অন্য চোরাকারবারিরা লাগেজগুলো নিয়ে যেত। কিন্তু ইমিগ্রেশন কর্তাদের হাতে ধরা পড়ার পর বাকি চোরাকারবারিরা নিরুদ্দেশ হয়ে যায়।

বাহরাইনের পুলিশ জানিয়েছে, দুই চোরাকারবারি যে রিটার্ন টিকিট দেখিয়েছে, তাও ছিল জাল। ১৮ মার্চ নিউজ অব বাহরাইনে এ খবর দেওয়া হলেও তাতে চোরাকারবারিরা কোন দেশের, তা জানানো হয়নি। বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকার মাঝে কখন ও কীভাবে এই ঘটনা ঘটল, তাও পরিষ্কার নয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে দেশটির আদালত দুই এশিয়ানকে আলাদাভাবে ১৫ বছরের জেল, ১০ হাজার দিনার জরিমান ও জেল খাটার পর বাহরাইন থেকে বহিষ্কারের রায় দিয়েছেন।      


কুয়েত

কুয়েতে অফিসে উপস্থিতি নিয়ে জালিয়াতি করায় জেল-জরিমানা

কুয়েতে কর্মীদের উপস্থিতি জালিয়াতি করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় করা এক মামলায় পাঁচজনকে দুই বছর করে জেল ও ৩ হাজার দিনার জরিমানা করেছে দেশটির ক্রিমিনাল কোর্ট। তদন্তে জানা যায়, অভিযুক্তরা কর্মস্থলে উপস্থিত না থেকেও উপস্থিতির রেকর্ড জাল করে প্রায় ২ হাজার ৫০০ কুয়েতি দিনার বেতন তুলে নেন। তারা ভুয়া তথ্য দিয়ে নিজেদের উপস্থিত দেখিয়ে কোম্পানি থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করছিলেন। যদিও তারা প্রবাসী না কুয়েতি, তা জানায়নি পুলিশ। তদন্ত চলাকালে অভিযুক্তরা আত্মসাৎ করা অর্থ ফেরত দিলেও আদালত এই অপরাধকে গুরুতর হিসেবে বিবেচনা করে শাস্তি প্রদান করে। আদালত বিশেষভাবে উল্লেখ করেছে, সরকারি বা প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার এবং চাকরির নিয়ম ভঙ্গ করা একটি গুরুতর অপরাধ, যা কঠোরভাবে দমন করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মক্ষেত্রে উপস্থিতির নিয়ম-কানুন ও স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের জালিয়াতির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।


সৌদি আরব

আরব-ইসলামিক দেশগুলোর সভা ডেকেছে সৌদি আরব

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকের মূল উদ্দেশ্য আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি করা। এমন এক সময় এই গুরুত্বপূর্ণ সভা ডেকেছে সৌদি, যখন ইরানের সাথে মার্কিন-ইসরায়েল সংঘাত চরমে উঠেছে। ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র উপসাগরীয় দেশগুলোকে ভীতসন্ত্রস্ত করে রেখেছে। বুধবার থেকে শুরু হওয়া এই বৈঠকে বিভিন্ন আরব ও ইসলামিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিয়েছেন, যেখানে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বৈঠকের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো যৌথভাবে আঞ্চলিক শান্তি বজায় রাখা এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় একটি সমন্বিত অবস্থান তৈরি করার চেষ্টা করবে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে খোলা মাঠে হবে না ঈদের নামাজ

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতরের নামাজ নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এবার দেশজুড়ে ঈদের নামাজ শুধু মসজিদে আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে। খোলা মাঠ বা উন্মুক্ত স্থানে নামাজ বা যে কোনো ধরনের গেদারিং সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে। দেশটির ইসলামিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তটি জননিরাপত্তা নিশ্চিত করা এবং নামাজের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, দেশের সব মসজিদ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে, যাতে মুসল্লিরা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করতে পারেন। একই সঙ্গে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলা এবং ভিড় এড়ানোর জন্য সময়মতো মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। দেশটিতে ঈদুল ফিতরের নামাজ সাধারণত বড় পরিসরে খোলা মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ একসাথে অংশ নেয়। তবে চলমান আঞ্চলিক পরিস্থিতির কারণে এবার সেই চিরচেনা দৃশ্য পরিবর্তিত হতে যাচ্ছে এবং নিয়ন্ত্রিত পরিবেশে নামাজ আয়োজনের ওপর জোর দেওয়া হয়েছে।


কাতার

কাতারে ঈদ নামাজ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা

কাতারে ঈদুল ফিতরের নামাজ নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। দেশটিতে ঈদের নামাজ শুধু মসজিদের ভেতরে অনুষ্ঠিত হবে, সময় ঠিক হয়েছে সকাল ৫টা ৫৩ মিনিটে। কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব মসজিদে সাধারণত জুমার নামাজ অনুষ্ঠিত হয়, সেগুলোতেই ঈদের জামাত হবে। এই বছর খোলা মাঠে নামাজ আয়োজন করা হবে না। একই সঙ্গে নামাজ ও খুতবা সংক্ষিপ্ত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। সব রকম খোলা মাঠে গণজমায়েত না করতে নিষেধ করা হয়েছে। কর্তৃপক্ষ আরো সতর্ক করেছে, যে কোনো ধরনের অসতর্কতা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে অনুরোধ করা হয়েছে। অন্যদিকে, কাতারে চলতি সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্ভাবাস দেওয়া হয়েছে। আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে রাস্তায় পানি জমে যাওয়া ও যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

Logo