মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সরকার আসন্ন ঈদুল ফিতরে সব ধরনের জনসমাগম ও অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
১৭ মার্চ এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঈদের ছুটিতে নাটক, সংগীতানুষ্ঠান, কনসার্ট, বিবাহ অনুষ্ঠানসহ জনসমাগমমূলক সব আয়োজন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে কুয়েত সরকারের আইন ও সময়োপযোগী নির্দেশনা অনুসরণে সচেতন ও সহযোগিতাপূর্ণ আচরণ করার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস আরো জানিয়েছে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। প্রবাসীদের সতর্কতা ও সহযোগিতা কেবল তাদের ব্যক্তিগত নিরাপত্তাই নয়, বরং সামগ্রিকভাবে সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।
logo-1-1740906910.png)