মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ মার্চ ২০২৬
কুয়েতে প্রবাসীদের ঠিকানা নিবন্ধন সহজ হলো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৭:৪৪
বাহরাইন
যুদ্ধের ভয় পেছনে ফেলে বাহরাইনে জমজমাট ঈদ বাজার
বাহরাইনে ঈদুল ফিতর সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটার উৎসব। ঈদ সামনে রেখে বাহরাইনের বিভিন্ন মিষ্টির দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ঐতিহ্যবাহী “কাদুয়া” প্রস্তুতের জন্য মিষ্টি, চকলেট, বাদাম ও বিভিন্ন খাবার কিনতে ব্যস্ত সময় পার করছে সেখানকার বাসিন্দারা। দোকান মালিকরা জানিয়েছেন, ঈদের আগের শেষ কয়েক দিনে মিষ্টির চাহিদা হঠাৎ বেড়ে যায়, বিশেষ করে জনপ্রিয় আইটেম যেমন বাহরাইনি হালুয়া খুব দ্রুত শেষ হয়ে যায়, এমনকি কেউ কেউ ঈদের সকালেও দোকানে ভিড় করেন। এছাড়া মিষ্টির পাশাপাশি ফল, কেক ও অন্যান্য ডেজার্টও বিক্রি হচ্ছে। অন্যদিকে, ঈদকে সামনে রেখে লন্ড্রির দোকানগুলোতেও বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে।দোকান মালিকরা জানিয়েছেন, এই সপ্তাহে কাজের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি, বিশেষ করে আবায়া ও অন্যান্য পোশাক ইস্ত্রি করার জন্য গ্রাহকদের ভিড় বেড়েছে। কিছু দোকান “এক্সপ্রেস সার্ভিস” চালু রেখেছে, যেখানে বেশি খরচে দ্রুত কাজ করা হচ্ছে। এছাড়া কিছু ২৪ ঘণ্টার লন্ড্রি ঈদের দিনেও খোলা থাকবে। যদিও তাদের খরচ তুলনামূলক বেশি। ঈদুল ফিতরকে সামনে রেখে বাহরাইনের বিভিন্ন পুরুষদের সেলুন ও বার্বারশপগুলোতেও ভিড় অনেক বেড়ে গেছে। গ্রাহকরা দোকানগুলোতে ঈদের আগে নিজেদের পরিপাটি করতে চুল কাটানো ও দাড়ি কাটার জন্য ভিড় করছেন। কিছু সেলুন ঈদের আগের রাতে ভোর পর্যন্ত খোলা রাখার পরিকল্পনাও করছে, যাতে সবাই ঈদের দিন নতুন ও পরিপাটি লুকে উদযাপন করতে পারে।বাহরাইনে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, শাওয়াল মাসের নতুন চাঁদ বৃহস্পতিবার সন্ধ্যায় দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বাহরাইনে ঈদ হতে পারে শুক্রবার।
কুয়েত
কুয়েতে প্রবাসীদের ঠিকানা নিবন্ধন সহজ হলো
কুয়েতে প্রবাসীদের জন্য ঠিকানা নিবন্ধন প্রক্রিয়া আরো সহজ করতে নতুন ব্যবস্থা চালু করেছে দেশটির সরকার। এখন থেকে বাড়ির মালিকদের জন্য ডিজিটাল পদ্ধতিতে অনুমোদন নেওয়ার সুবিধা চালু করা হয়েছে। পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন এই নতুন পদ্ধতি চালু করেছে। ফলে প্রবাসীরা তাদের সিভিল আইডির ঠিকানা আপডেট করতে আগের তুলনায় কম ঝামেলায় এবং দ্রুত প্রক্রিয়ায় কাজ সম্পন্ন করতে পারবেন। এই ব্যবস্থায় মালিকের অনুমোদন সরাসরি সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা যাবে। ফলে কাগজপত্র ও সশরীরে উপস্থিতির প্রয়োজন নেই এবং পুরো প্রক্রিয়াটি আরো স্বচ্ছ ও কার্যকর হবে। এদিকে, ঈদের আগে কুয়েতে পণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জোহরা এলাকায় অভিযান চালিয়ে মূল্য লঙ্ঘনের অভিযোগে ২৪টি নোটিশ বা জরিমানা জারি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আর কুয়েতের নিরাপত্তা বাহিনী এক অভিযানে হিজবুল্লাহ-সংযুক্ত একটি চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ১৪ জন কুয়েতি এবং ২ জন লেবানিজ নাগরিক রয়েছে। এই ঘটনায় কুয়েত সরকার আবারো সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে।
সৌদি আরব
সৌদিতে পর্যটন খাতে অভিযান, বাসিন্দাদের ঈদের চাঁদ দেখতে অনুরোধ
সৌদি আরবে পর্যটন খাতে নিয়ম ভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে পর্যটন মন্ত্রণালয় ৩৩টি হসপিটালিটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। তদন্তে জানা গেছে, তারা কর্মীদের তথ্য যথাযথভাবে নিবন্ধন ও নিয়মিত আপডেট করেনি। মন্ত্রণালয় আরো জানিয়েছে, এসব প্রতিষ্ঠানে কর্মীদের ব্যক্তিগত তথ্য, যোগ্যতা ও অভিজ্ঞতা প্রতি তিন মাস অন্তর আপডেট করা বাধ্যতামূলক, যা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অভিযান চলাকালে মোট ৮৪টি প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দেওয়া হয়।যার মধ্যে ৩৩টি সম্পূর্ণ বন্ধ করা হয়েছে এবং ৪১টি প্রতিষ্ঠান তাদের ত্রুটি সংশোধন করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটন খাতে সেবার মান উন্নত করা এবং নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, সৌদি সুপ্রিম কোর্ট দেশটির জনগণকে ১৮ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে, যা ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে গুরুত্বপূর্ণ। আদালত বলেছে, যারা খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পারবেন, তারা যেন নিকটস্থ আদালতে রিপোর্ট করেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। এই আহ্বান রমজান মাসের সমাপ্তি নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রক্রিয়া, যার ভিত্তিতেই ঈদের সঠিক দিন ঘোষণা করা হবে এবং সারাদেশে তা আনুষ্ঠানিকভাবে অনুসরণ করা হবে।
সংযুক্ত আরব আমিরাত
আবুধাবিতে ড্রোন-ক্ষেপণাস্ত্রের হামলা, ফুজাইরায় তেলশিল্প এলাকায় আগুন
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে একজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। যদিও অন্যান্য অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে, পাশাপাশি পুলিশ ও উদ্ধারকারী দল জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আমিরাতের পূর্বাঞ্চলীয় ফুজাইরাহ তেলশিল্প অঞ্চলে একটি ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সংশ্লিষ্ট বিভাগ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ড্রোনগুলো শিল্প অবকাঠামোর দিকে লক্ষ্য করে চালানো হয়েছে। তবে পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা ও আগুন নিয়ন্ত্রণ কর্মীরা বড় ধরনের পরিণতি এড়াতে সক্ষম হয়েছে।
ওমান
ওমানে প্লাস্টিকের বোতল ব্যবহারে সতর্কতা জারি
ওমানের খাদ্য নিরাপত্তা ও মানরক্ষা সংস্থা সংক্রান্ত সংস্থা সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারের জন্য তৈরি প্লাস্টিক কন্টেইনার ব্যবহারের ওপর সতর্কতা জারি করেছে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে, অনেকেই খাবারের পাত্র হিসেবে সাধারণ সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারের জন্য নির্মিত প্লাস্টিক কন্টেইনার আবার ব্যবহার করছেন, যা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে; বিশেষ করে ওয়ান কোডযুক্ত প্লাস্টিক বোতল ও আইসক্রিম টাবের মতো পাত্রগুলো শুধু একবার ব্যবহারের জন্য তৈরি এবং এগুলো বারবার ধুয়ে খাবার সংরক্ষণের জন্য ব্যবহার করলে রাসায়নিক বিক্রিয়া বা ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ করেছে, তারা যেন প্যাকেজিংয়ের নিচে থাকা নিরাপত্তা কোডগুলো পরীক্ষা করেন এবং শুধু নিরাপদ ও পুনর্ব্যবহারযোগ্য পাত্র ব্যবহার করেন। কেননা ভুল ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে।
কাতার
কাতারে প্রবাসীদের মসজিদে ঈদের নামাজ পড়ার আহ্বান
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় কাতারের বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়ার অনুরোধ করেছে। কাতার সরকারের নির্দেশনা মেনে এ বছর দোহার এম এইচ এম স্কুল ও কলেজের উন্মুক্ত প্রাঙ্গণে ঈদের জামাতের আয়োজন বাতিল করা হয়েছে। ১৭ মার্চ কাতারের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। একই দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের জামাতকে কেন্দ্র করে সব প্রবাসী বাংলাদেশি যেন কাতার সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং সব নিরাপত্তা নির্দেশনা মেনে চলেন।মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কাতারেও বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। ফলে দেশটিতে ঈদ হবে শুক্রবার।
logo-1-1740906910.png)