সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, যারা আবাসন ও শ্রম আইন ভঙ্গকারীদের পরিবহন, নিয়োগ, আশ্রয় বা কোনোভাবে সহযোগিতা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি নাগরিকরা যদি এ ধরনের অপরাধে জড়িত হন, তবে তাদের শাস্তির পাশাপাশি দেশ থেকে বহিষ্কারও করা হবে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারীদের সহযোগিতা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনগণকে আহ্বান জানানো হয়েছে যেন তারা আইন ভঙ্গকারীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করেন। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে এ ধরনের অভিযোগ জানাতে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করার নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি আরব দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসন ও শ্রম আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও শ্রমবাজার সুরক্ষিত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই কঠোর পদক্ষেপ শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)