মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৪ মার্চ ২০২৬
বাহরাইনে দুর্ঘটনায় দুই এশিয়ানের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৮:৩৮
বাহরাইন
বাহরাইনে দুর্ঘটনায় দুই এশিয়ানের মৃত্যু
বাহরাইনের আল সাহলা রোডে সড়ক দুর্ঘটনায় দুই এশীয় প্রবাসী নিহত হয়েছেন। ১৪ মার্চ সকালে জিধাফস এলাকায় একটি গাড়ি ও একটি বাসের সংঘর্ষের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে চাপা দেয়। নিহত দুজনের বয়স যথাক্রমে ৩৮ ও ৪৩ বছর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে। এছাড়া, একই দিনে বাহরাইনের পুলিশ জানিয়েছে, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি, ড্রাইভিংয়ের সময় প্রতিবন্ধকতা তৈরির অভিযোগে বেশ কজন ড্রাইভারকে আটক করে তাদের গাড়ি ৬০ দিনের জন্য জব্দ করেছে পুলিশ।এছাড়া, বাহরাইনে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করে তা সামাজিক মাধ্যমে প্রচারকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউশন। ফলে এনিয়ে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাহরাইনে রজমানে বাজার স্থিতিশীল থাকলেও হঠাৎ করে লেবুর দাম তিন গুণ বেড়েছে। এ বছর যুদ্ধের কারণে বাহরাইনে খোলা মাঠে ঈদের জামাত পড়ানো সম্ভব হবে না বলে জানানো হয়েছে। বাহরাইনে আসন্ন ঈদুল ফিতরের নামাজ সকাল ৬টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সুন্নি এন্ডাওমেন্টস। কেন্দ্রীয় মসজিদগুলোসহ যেসব মসজিদ রমজান মাসে অস্থায়ী মসজিদ হিসেবে ব্যবহার করা হয়েছে, সেগুলোতেও একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তাই মুসল্লিদের নির্ধারিত মসজিদগুলোতে গিয়ে ঈদের নামাজ আদায় করতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুয়েত
কুয়েতে ঈদ বা বিয়েতে জনসমাগমে নিষেধাজ্ঞা
কুয়েতে আসন্ন ঈদুল ফিতর বা বিয়েসহ যে কোনো কারণে জনসমাগমের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। সব অনুষ্ঠান সাময়িকভাবে নিষিদ্ধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। একই সঙ্গে নাগরিক ও প্রবাসীদের সব ধরনের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এদিকে, কুয়েতের জাতীয় বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ তাদের নামে সামাজিক মাধ্যমে ভুয়া ওয়েবসাইটে টিকিটের বিজ্ঞাপন নিয়ে সতর্কতা জারি করেছে। সংস্থাটি বলেছে, তাদের ব্র্যান্ড ও লোগো অপব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া পোস্ট শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে। কারণ এতে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থাকতে পারে। এদিকে, চলমান যুদ্ধে ১৪ মার্চ এক দিনেই ৯টি ব্যালিস্টিক মিসাইল ও ৩৩টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কুয়েত। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ১৪ মার্চ পর্যন্ত ২৯৪টি ব্যালিস্টিক মিসাইল, ১৫টি ক্রুস মিসাইল ও ১৬শটি ড্রোন আকাশেই ধ্বংস করেছে কুয়েতের আকাশ নিরাপত্তা বাহিনী।
সৌদি আরব
সৌদির মক্কা-মদিনায় বাড়িওয়ালাদের সতর্কতা
সৌদির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্স ছাড়া কোনো বাসাবাড়ি বা মোটেলে ট্যুরিস্টদের রাখা যাবে না। এ নিয়ে মক্কা ও মদিনায় বাড়িওয়ালাদের সতর্ক করেছে দেশটির পর্যটন মন্ত্রণালয় এবং বাড়িওয়ালাদের এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। হাজিদের জন্য এসব অস্থায়ী আবাসন সুবিধা হিসেবে মন্ত্রণালয় থেকে পাওয়া লাইসেন্সপ্রাপ্ত ভবনগুলো হজ মৌসুমে এই সেবা চালু থাকতে পারে। যদি কেউ নিয়ম ভঙ্গ করে, তাহলে তার অস্থায়ী লজিং লাইসেন্স বাতিল ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
এদিকে, সৌদি আরবের মদিনায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় ফিলিপাইনের এক নারী গৃহকর্মীকে আটক করা হয়েছে। সেই ফিলিপাইনের নারী একটি বাড়িতে এক শিশুকে হত্যা করেছে বলে অভিযোগে পুলিশ তাকে আটক করেছে। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলাটি পরবর্তী তদন্ত ও বিচার প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ইন্টারনেটে ছবি দিয়ে আটক হলেন ৪৫ জন, জরিমানার বিধান
আমিরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও ভুল তথ্য প্রচারের অভিযোগে ৪৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে। পুলিশ আরো জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সবাইকে অনুরোধ করা হয়েছে, তারা যেন কেবল বিশ্বস্ত ও সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণ ও শেয়ার করেন। অনুমতি ছাড়া ভিডিও ধারণ এবং মিথ্যা তথ্য ছড়ানো আইনের লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ এবং এতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, আমিরাতে বিভিন্ন হামলা প্রতিহত করা সংক্রান্ত ঘটনাগুলোর ভিডিও ও ভুয়া এআই ক্লিপ সামাজিক মাধ্যমে প্রচারের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, আবুধাবির সিভিল আদালত একটি ব্যতিক্রমী রায়ে এক নারীকে ৫০ হাজার দিরহাম জরিমানা ও ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, অভিযুক্ত নারী সম্মতি ছাড়া অন্য একজন নারীর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার আইন ভঙ্গ করেছেন। ছবিটি অনলাইনে প্রকাশ করার ফলে ক্ষতিগ্রস্ত নারীর ব্যক্তিগত মর্যাদা হানি হয়েছে।এই কারণে বিচারক তাকে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে বলেন। ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার বাদী আদালতে দাবি করেন, তিনি প্রায় ১ লাখ দিরহাম দাবি করলেও আদালত পরিস্থিতি মূল্যায়ন করে ৫০ হাজার দিরহামই ন্যায়সঙ্গত বলে বিবেচনা করেন। এই রায় প্রমাণ করে যে, সংযুক্ত আরব আমিরাতে অনলাইন বা সামাজিক মিডিয়ায় কারো সম্মতি ছাড়া কোনো ছবি প্রকাশ করা গ্রহণযোগ্য নয় এবং আইন ভঙ্গ করলে গুরুতর শাস্তি ও দায় বহন করতে হবে। তাই সতর্ক থাকতে হবে প্রবাসীদের।
logo-1-1740906910.png)