উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার কারণে কাতারে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ বিষয়ে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
১১ মার্চ জারি করা এক জরুরি বার্তায় দূতাবাস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নারী, শিশু, পরিবার ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।
দূতাবাস আরো জানিয়েছে, আগ্রহী যাত্রীদের তালিকা তৈরির জন্য তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি গুগল ফর্ম প্রকাশ করা হয়েছে। যারা দেশে ফিরতে চান, তাদের যত দ্রুত সম্ভব ওই ফর্মে তথ্য জমা দিতে বলা হয়েছে।
কাতার বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। দেশটির নির্মাণ, সেবা ও বিভিন্ন খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। যুদ্ধ পরিস্থিতি ও আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন।
বাংলাদেশি নাগরিকদের জরুরি অবস্থায় দেশে ফিরিয়ে আনতে বা বিশেষ ভ্রমণ সহায়তা দিতে দূতাবাসগুলো প্রায়ই সংশ্লিষ্ট দেশের সরকার ও এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয় করে থাকে। এবারো সেই ধারাবাহিকতায় কাতারে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।
logo-1-1740906910.png)