Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১২ মার্চ ২০২৬

ভিজিট ভিসা নিয়ে বিশেষ সিদ্ধান্ত বাহরাইনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ২০:৫৩

ভিজিট ভিসা নিয়ে বিশেষ সিদ্ধান্ত বাহরাইনের

বাহরাইন

ভিজিট ভিসা নিয়ে বিশেষ সিদ্ধান্ত বাহরাইনের

ভিজিট ভিসা নিয়ে বিশেষ ব্যবস্থা ঘোষণা করেছে বাহরাইনের ন্যাশনালিটি, পাসপোর্টস অ্যান্ড রেসিডেন্স অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ। ১২ মার্চ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এনপিআরএ বিভাগের আন্ডার সেক্রেটারি শেখ হিশাম বিন আবদুর রহমান আল খলিফা জানিয়েছেন, বর্তমানে বাহরাইনে অবস্থানরত সব ধরনের ভিজিট ভিসাধারীদের মধ্যে যাদের অনুমোদিত থাকার মেয়াদ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি বা তার পরে শেষ হয়েছে, তাদের দেশে ফেরার ক্ষেত্রে দেরির কারণে জরিমানা থেকে অব্যাহতি দেওয়া হবে। আকাশপথ পুনরায় চালু হওয়ার পর অতিরিক্ত এক মাস পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। তিনি আরো জানান, যেসব ভিজিট ভিসা ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ ছিল এবং যেসব বিদেশি ওই তারিখের আগে ভিসার জন্য আবেদন করেও বিশেষ পরিস্থিতির কারণে বাহরাইনে প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ অতিরিক্ত তিন মাস বাড়ানো হবে।

এদিকে, বৃহস্পতিবার ভোর সকালে বাহরাইনের মুহাররামে জ্বালানি তেলের ট্যাংকে ড্রোন হামলার পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। তৈরি হয়েছে গোমট পরিবেশের। বাহরাইনের হীদ, গালালি, আরাদ, গালালি ও সামাহিজে থাকা নাগরিক ও প্রবাসীদের ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে। 


সৌদি আরব

সৌদিতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, জরুরি সতর্কতা জারি

সৌদিতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির সিভিল ডিফেন্স অধিদপ্তর। বুধবার থেকে আগামী রোববার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টি, ঝড় এবং শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া আবহাওয়া বিভাগ জানিয়েছে। সিভিল ডিফেন্স জানিয়েছে, বৃষ্টি ও ঝড়ের কারণে হড়কা বান, ধূলিঝড় এবং সমুদ্র উপকূলে উঁচু ঢেউ তৈরি হতে পারে, তাই সাধারণ জনগণকে নিরাপদ জায়গায় অবস্থান করতে বলা হয়েছে। সেই সাথে ভ্যালি ও নিচু এলাকা থেকে দূরে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। মক্কা ও রিয়াদের মতো মূল শহরগুলোসহ পশ্চিম ও উত্তরাঞ্চলেও এই আবহাওয়া অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষ সব সময় আবহাওয়া আপডেট মনিটর করার জন্য এবং সরকারি নির্দেশনা অনুসরণের জন্য জনগণকে অনুরোধ করেছে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ভুয়া ভিডিও, বাসিন্দাদের সতর্ক করল পুলিশ

আমিরাত সরকার জনগণকে ইন্টারনেটে ভুয়া ভিডিও ও তথ্য নিয়ে সতর্ক করেছে। সরকার অভিযোগ করেছে, ইন্টারনেটে, আমিরাতের সম্মান ক্ষুণ্ন করে এমন কিছু ভুয়া ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। এই ভিডিওগুলোতে দেখানো কিছু ঘটনা বা দৃশ্যের সাথে দেশের বাস্তব পরিস্থিতির সঙ্গে একেবারেই মিল নেই এবং এগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।সরকারি সূত্র থেকে বলা হয়েছে, এসব ভিডিও ও ভুল তথ্যের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা বা তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।  তাই নাগরিক বাসিন্দাদের বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকার সবাইকে সতর্ক করেছে, যারা ভুল তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এদিকে, আমিরাতের খুচরা বিক্রেতারা দেশটির নাগরিক বাসিন্দাদের আশ্বস্ত করে জানিয়েছে, বাজারে সব ধরনের পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সেই সাথে দামও স্থিতিশীল আছে এবং ডেলিভারি ব্যবস্থাও ২৪ ঘণ্টা সচল রয়েছে।


কুয়েত

কুয়েত প্রবাসীদের সতর্কবার্তা, হ্যাক হতে পারে সিসিটিভি

কুয়েতে থাকা প্রবাসীদের সতর্কবার্তা দিয়েছে দেশটির আবাসিক ও তথ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, প্রবাসীদের নিজের বাসা বাড়ির সিসিটিভি ক্যামেরা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই তাদের নিজেদের সিসিটিভি সিস্টেমগুলোকে সাইবার নিরাপত্তার ঝুঁকি থেকে রক্ষা করার ওপর জোর দেওয়া হয়েছে।ইন্টারনেট সংযুক্ত সিসিটিভি ক্যামেরা অনিরাপদ থাকলে বা শক্ত পাসওয়ার্ড না থাকলে, হ্যাকাররা সহজেই সিস্টেমে প্রবেশ করতে পারে, যা ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। কর্তৃপক্ষ অভিবাসীদের নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার, নিয়মিত সফটওয়্যার আপডেট এবং সন্দেহজনক ই-মেইল বা লিংক থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। সিসিটিভি সিস্টেম সুরক্ষিত রাখা হলে ব্যক্তিগত ও ব্যবসায়িক নিরাপত্তা আরো বৃদ্ধি পাবে। এদিকে, বৃহস্পতিবার সকালে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো বেশ কয়েকটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


ওমান

ওমানে ঈদের ছু্টির তারিখ ঘোষণা 

ওমান সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটির ঘোষণা দিয়েছে। ওমানে ২০ মার্চ পবিত্র রোজার ঈদ অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে। যদিও তা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ছুটির এই সময় সরকারি কর্মকর্তা- কর্মচারীরা সবাই পরিবার ও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করবেন এবং ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করা যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে, ওমানে সালালাহ নৌবন্দরে ইরানি ড্রোন হামলার পর একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে থাকায় বন্দর কার্যক্রম ধীরে হলেও চলছে।

Logo